বাইক চালানোর মাঝে বিশ্রাম নেওয়ার জন্য রাস্তার পাশে দু’চাকাটি দাঁড় করিয়েছিলেন তরুণী। বাইক থেকে নেমে রাস্তার ধারে বসেছিলেন তিনি। সেই সময় এক তরুণ এসে অদ্ভুত কাণ্ড ঘটালেন। তরুণের আচরণ দেখে ভয় পেয়ে গেলেন তরুণী। প্রথমে কিছু না বললেও পরে আর চুপ থাকতে পারলেন না। তার পর কী হল? সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে বসে রয়েছেন এক তরুণী। সামনেই দাঁড়িয়ে রয়েছে সাদা রঙের একটি চারচাকা। সেখানে চালকের আসনে বসে সিগারেট ধরাচ্ছেন এক তরুণ। দরজাটিকে তিনি খুলে রেখেছেন। তরুণী রাস্তার যেখানে বসে রয়েছেন, ঠিক তাঁর সামনেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন তরুণ। তরুণী আর চুপ থাকতে পারলেন না। তিনি তরুণকে সামনে থেকে গাড়ি নিয়ে সরে গিয়ে অন্য কোথাও দাঁড়াতে বললেন। তরুণ তখন তরুণীকে জিজ্ঞাসা করলেন তিনি একা কি না। সেই প্রশ্ন শুনে তরুণী আরও চটে গেলেন। বললেন একা আছি কি না জেনে আপনি কী করবেন। শুরু হল বচসা। এর পর তরুণ গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু খানিক পরেই পুনরায় গাড়ি নিয়ে ফিরে এলেন তরুণ। এ বার এসে গাড়ি দাঁড় করিয়ে তরুণীকে দেখতে লাগলেন তরুণ। তরুণী স্বাভাবিক ভাবেই ভয় পেয়ে গেলেন। তিনি বাইক নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাড়াহুড়োয় বাইক নিয়ে পড়েও গেলেন তরুণী। তবে অপর এক তরুণ এসে তরুণীকে উঠতে সাহায্য করলেন। বিশেষ চোট পাননি তিনি। রাতের রাস্তায় তরুণীর ভয়ঙ্কর অভিজ্ঞতার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘আবিদারানা’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আপনার সাহসকে কুর্নিশ জানাই।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ছেলেরা কখনও বুঝবেন না তাঁদের এ ধরনের আচরণ মেয়েদের মনে কতটা উদ্বেগ সৃষ্টি করে।’’