মঠের ভিতর ঢুকে গেল বৈদ্যুতিক গাড়ি। আহত হলেন বেশ কয়েক জন পুণ্যার্থী। মঠের ভিতর জিনিসপত্র ভেঙে গেল। চারিপাশ ঢাকল ধোঁয়ায়। চাঞ্চল্যকর সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি তাইল্যান্ডের ব্যাঙ্ককের চায়নাটাউনের ইয়াওয়ারাত সড়কে অবস্থিত গুয়ানিয়ান মঠে ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ আচমকা একটি বৈদ্যুতিক চারচাকা মঠে ঢুকে পড়ে। সেই সময় মঠে পুণ্যার্থীদের ভিড় ছিল। তিন জন এই ঘটনায় আহত হয়েছে। এঁদের মধ্যে দু’জন বেশ গুরুতর চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। জরুরি উদ্ধারকারী দল দ্রুত আহত তিন জনকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চালক জ্ঞান হারিয়েছিলেন। সেই কারণে দুর্ঘটনাটি ঘটে। এক প্রবীণ ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন। রক্তচাপজনিত কোনও শারীরিক সমস্যার কারণে গাড়ি চালানোর সময় জ্ঞান হারান তিনি। প্রাথমিক ভাবে তেমনটাই মনে করা হচ্ছে। সেই কারণেই মঠের ভিতর গাড়ি নিয়ে ঢুকে পড়েন তিনি। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। মঠেরও বেশ কিছু অংশ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাা গিয়েছে। তবে মঠের প্রধান মূর্তিটিতে কোনও চোট লাগেনি। সেটি অক্ষত রয়েছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মঠের লাল মেঝেতে বসে রয়েছেন বেশ কয়েক জন পুণ্যার্থী। প্রভুর কাছে প্রার্থনা করছেন তাঁরা। এমন সময় মঠের দেওয়াল ভেঙে ঢুকে পড়ল এক বিদ্যুৎচালিত গাড়ি। মঠের শান্ত পরিবেশ নিমেষে বদলে গেল। পুণ্যার্থীরা কিছু বুঝে ওঠার আগেই গাড়ির চাকা তাঁদের উপর উঠে গেল। চারিপাশ ঢেকে গেল সাদা ধোঁয়ায়। কয়েক জন পুণ্যার্থী এগিয়ে এসে গাড়ি আর মঠের ভাঙা অংশের নীচ থেকে অপরদের বার করতে লাগলেন।
আরও পড়ুন:
‘অ্যামোকজ়াস৯৩৯৩২’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। ভিডিয়োটি নেটাগরিকদের মনে আতঙ্কের সৃষ্টি করেছে।