রিল বানানোর চক্করে মানুষ নানা কাজই করে থাকেন। সেটি করা আদৌ উচিত কি না সে বিচার করেন না অনেকেই। তেমনটাই করতে দেখা গেল এক ইউক্রেনীয় যুগলকে। রিল তৈরির জন্য সামুদ্রিক কচ্ছপের চিঠে চেপে বসলেন দু’জনে। কচ্ছপটির যে বিষয়টি পছন্দ হল না তা সেটির চলন দেখেই ঠাহর করা গেল। কিন্তু যুগল সে সবে পাত্তা দিলেন না। তাঁরা নিজেদের আনন্দেই মেতে থাকলেন। বিরক্তির উদ্রেk ঘটনো সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
‘আইএফপোস্ট৪৭’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বালির উপর নিজছন্দে এগিয়ে চলেছে এক সামুদ্রিক কচ্ছপ। এক তরুণ এগিয়ে গিয়ে সেটির পিঠের উপর চেপে বসলেন। সরীসৃপটির বিষয়টি পছন্দ হল না। সেটি জোর করে এগিয়ে যেতে থাকল। তরুণ টাল সামলাতে না পেরে কচ্ছপটির উপর থেকে পড়ে গেলেন। কিন্তু তার পরও তরুণের হুঁশ ফিরল না। তিনি পুনরায় কচ্ছপটির উপর চেপে বসলেন। তরুণের হাতে দেখা গেল একটি ছোট্ট কচ্ছপকে। সেটিকে ধরে ক্যামেরার সামনে দেখাতে লাগলেন তরুণ। বড় আকৃতির সামুদ্রিক কচ্ছপটি তরুণকে পিঠে নিয়ে কষ্ট করে এগিয়ে যেতে লাগল। অন্য এক ছবিতে দেখা গেল তরুণের সঙ্গী তরুণী পা ছড়িয়ে সামুদ্রিক কচ্ছপের উপর বসে রয়েছেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
জানা গিয়েছে, যুগল ইউক্রেন থেকে ওমানে ঘুরতে এসেছিলেন। সেখানেই ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে যুগলের সঙ্গে ওমানের সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণ গোষ্ঠীর স্বেচ্ছাসেবকও উপস্থিত ছিলেন। কিন্তু তিনিও যুগলকে কাজটি করা থেকে আটকাননি। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর ইটালির সংরক্ষণ প্রকল্প বায়োলজিকামেন্টের নজর কাড়ে। সেই প্রকল্পের সঙ্গে যুক্ত লোকজন ঘটনাটির তীব্র নিন্দা করেন। নেটাগরিকেরাও ভিডিয়োটির নিন্দা করায় পিছপা হননি। যুগল প্রথমে নিজের ভুল মানতে না চাইলেও, পরে ভিডিয়োটি নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলেন। নিজেদের অ্যাকাউন্টে ক্ষমা চেয়ে ভিডিয়ো করে পোস্টও করেছেন তাঁরা। স্বীকার করেছেন যে সামুদ্রিক কচ্ছপের পিঠে বসা তাঁদের উচিত হয়নি।