অটোভাড়া নিয়ে অটোচালকের সঙ্গে বচসায় জড়ালেন দুই তরুণী। ক্রমে সেই ঝামেলা হাতাহাতি পর্যায়ে পৌঁছে গেল। দুই তরুণীর চুলের মুঠি ধরে মারতে লাগলেন অটোচালক। তরুণীরাও অটোচালকের গায়ে হাত তুললেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি বেঙ্গালুরুর এইচএসআর লেআউটের তৃতীয় সেক্টরে ঘটেছে।
আরও পড়ুন:
‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে দাঁড়িয়ে অটো। দুই তরুণীর সঙ্গে অটোচালকের ঝামেলা লেগেছে। অটোচালক এক তরুণীকে মারার জন্য এগিয়ে গেলেন। সেই সময় পিছন থেকে অপর তরুণী এসে অটোচালকের পিঠে মারলেন। অটোচালক সেই তরুণীর দিকে এগিয়ে গেলে অপর তরুণী এসে অটোচালককে মারতে লাগলেন। অটোচালক এ বার দুই তরুণীর চুলের মুঠি ধরে তাঁদের মারতে লাগলেন। বেগতিক বুঝে অপর এক তরুণী এগিয়ে এলেন। সেই তরুণীর হস্তক্ষেপে ঝামেলা বন্ধ হল।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পুলিশের নজর কেড়েছে। পুলিশ তরুণীদের এবং অটোচালককে শনাক্ত করেছে। তরুণীদের ফোন করে থানায় এসে অভিযোগ দায়ের করার আর্জি জানানো হয় পুলিশের তরফে। কিন্তু তরুণীরা এক-দু’দিন সময় চান অভিযোগ দায়ের করার জন্য। পুলিশের তরফে এর পর অটোচালকের সঙ্গে যোগাযোগ করা হয়। অটোচালক জানান, তরুণীরা মত্ত ছিলেন। তাঁর অটোটি ভাড়া করেছিলেন। কিন্তু তার পর ভাড়া দিতে অস্বীকার করেন তরুণীরা। অটোচালকের দাবি, তরুণীরাই নাকি প্রথমে অটোচালককে গালাগালি দেওয়া শুরু করেন। তাঁকে মারার চেষ্টাও করেন। সেই কারণে নাকি অটোচালক বাধ্য হয়ে তরুণীদের গায়ে হাত তোলেন। তরুণীরা অভিযোগ দায়ের না করায় পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন:
ভিডিয়োটি ইতিমধ্যে সাড়ে চার লক্ষেরও বেশি বার দেখে ফেলা হয়েছে। প্রায় পাঁচ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা অটোচালকের তরুণীদের গায়ে হাত তোলার বিষয়টির তীব্র নিন্দা করেছেন।