Advertisement
E-Paper

প্রণাম করেই চুরি! বিদেশের রাস্তায় ভারতীয় প্রৌঢ়ার গা থেকে ১১০ গ্রাম সোনার গয়না নিয়ে পালালেন তরুণী

সন্ধ্যাবেলা হাঁটতে বেরিয়েছিলেন প্রৌঢ়া। গা ভরে ছিল সোনার গয়নায়। হয়তো ভেবেছিলেন, বিদেশের রাস্তায় ভারতের মতো ছিঁচকে চোরের উপদ্রব নেই। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর এই ভাবনা ভুল প্রমাণিত হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কানাডার রাস্তায় সন্ধ্যাবেলা হাঁটতে বেরিয়েছিলেন প্রৌঢ়া। গা ভরে ছিল সোনার গয়নায়। হয়তো ভেবেছিলেন, বিদেশের রাস্তায় ভারতের মতো ছিঁচকে চোরের উপদ্রব নেই। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর এই ভাবনা ভুল প্রমাণিত হল। এক তরুণী এসে তাঁর সমস্ত গয়না চুরি করে নিয়ে চলে যান। প্রৌঢ়া হতভম্ব হয়ে যান। কী করা বা বলা উচিত বুঝে উঠতে পারেন না। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি কানাডার ব্রাম্পটনে ২৮ জুলাই ঘটেছে। তবে সম্প্রতি ঘটনাটির ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রতি দিনের মতো সন্ধ্যাবেলা বাড়ির আশপাশে হাঁটতে বেরিয়েছিলেন প্রৌঢ়া। সেই সময় এক তরুণী এসে তাঁর গলায় পরা সোনার চেন এবং হাতের সোনার চুরি খুলে নেন। প্রৌঢ়ার পুত্রের দাবি, তাঁর মা ইংরেজি তেমন বুঝতে পারেন না। ফলত সেই তরুণী প্রথমে এসে প্রৌঢ়াকে কী বলেছিলেন তা তিনি বুঝতে পারেননি। তরুণী যখন এক এক করে গয়না খুলতে শুরু করেন, তখনও কী করা উচিত তা প্রৌঢ়া বুঝে উঠতে পারেননি।

প্রৌঢ়ার ছেলের দাবি, তাঁর মায়ের গা থেকে আনুমানিক ১১০ গ্রাম সোনার গয়না খুলে নেওয়া হয়েছে। সেগুলির দাম প্রায় ২০ হাজার ডলার। এই ঘটনার প্রৌঢ়া শোকাহত। পরনে থাকা গয়নাগুলি প্রৌঢ়াকে প্রয়াত স্বামী উপহার দিয়েছিলেন। সেই কারণে তিনি আরও বেশি দুঃখ পেয়েছেন। সেই ঘটনার পর থেকে প্রৌঢ়া আর হাঁটতেও বেরোন না। কানাডার পুলিশ অভিযুক্ত তরুণীকে খুঁজে বার করার চেষ্টা করছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে দাঁড়িয়ে এক ভারতীয় প্রৌঢ়া। এক বিদেশি তরুণী সাদা রঙের চারচাকা নিয়ে এসে প্রৌঢ়ার পাশে রাস্তায় দাঁড়ালেন। তার পর গাড়ি থেকে নেমে প্রৌঢ়ার পা ছুঁয়ে প্রণাম করলেন। এর পর প্রৌঢ়ার হাত ধরে চুমুও খেলেন সেই তরুণী। তার পর প্রৌঢ়ার সঙ্গে কথা বলার ছলে জড়িয়ে ধরে গলা থেকে সোনার চেন খুলে নিলেন। পরিয়ে দিলেন একটি নকল সোনার চেন। প্রৌঢ়া যেন বুঝতেও পারলেন না। তিনি তরুণী কী বলতে চাইছেন তা বোঝার চেষ্টা করে চললেন। এর পর কথা বলতে বলতে প্রৌঢ়ার হাত থেকে সোনার চুরিগুলি খুলে নিলেন তরুণী। সব শেষে আরও এক বার প্রৌঢ়াকে জড়িয়ে ধরে গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেলেন তরুণী। প্রৌঢ়া কিছু বোঝার আগেই পুরো ঘটনাটা ঘটে গেল।

‘আরটি_কম’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় পৌনে দু’লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। তরুণীর কাণ্ডের তীব্র নিন্দা করেছে নেটপাড়া।

Viral Video Canada Gold Jewellery Thief

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy