অনেক সময়ই নানা রোমাঞ্চকর কর্মকাণ্ড খবরের শিরোনামে উঠে আসে। জীবনের তোয়াক্কা না করে বিভিন্ন ঝুঁকির কাজ করতে দেখা যায় বহু মানুষকে। তাতেই তাঁদের আনন্দ। সম্প্রতি এমনই একটি ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। খরস্রোতা নদীতে জেট স্কি করতে দেখা গেল এক তরুণকে।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় ধরা পড়েছে ভয়ঙ্কর সেই ঘটনার ভিডিয়ো। ভিডিয়োয় দেখা গিয়েছে উত্তাল এক নদীকে। কাদাগোলা জল বইছে তাতে। নদী তোলপাড় করে দিচ্ছে বিশাল বিশাল সব ঢেউ। তার মাঝেই জেট স্কি করতে দেখা গিয়েছে এক তরুণকে। শুধু তাই-ই নয়, ‘অ্যাক্রোব্যাটিকস’ নামে বিশেষ এক কসরত করারও চেষ্টা শুরু করেন তিনি। আর তখনই ঘটে যায় এক ভয় ধরানো কাণ্ড।
আরও পড়ুন:
প্রবল স্রোত এবং ঢেউয়ের ধাক্কায় নৌকোটি একেবারে খেলনার মতো ওঠানামা করছিল। হঠাৎ করেই দেখা যায় সওয়ারি তরুণ সেটিতে নেই। কিন্তু কয়েক মুহূর্ত পরেই দেখা মেলে তাঁর। ঢেউয়ের বুক চিরে সাঁতরে বেরিয়ে এসে ক্ষিপ্রতার সঙ্গে তার জেট স্কি-টি ধরে ফেলেন তিনি। এর পর নৌকোটির ধার ধরে ঝুলে পড়েন। বহু চেষ্টার পর আবার তিনি নৌকোয় উঠে পড়েন।
আরও পড়ুন:
একেবারে যেন নায়কের মতোই দক্ষতার সঙ্গে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে নেন তরুণ। ভিডিয়োর পরের অংশে দেখা যায়, বহু মানুষ উপভোগ করছেন এই রোমাঞ্চকর খেলা। সংবাদ প্রতিবেদন অনুসারে, ব্রাজ়িলের সাও পাওলোর পিরাসিকাবা নদীতে এই বিপজ্জনক কাজ করেছেন ওই তরুণ।
‘অ্যাডসন_ইভান’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োটি কয়েক কোটি বার দেখা হয়েছে। সেটি দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। তরুণের দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। পাশাপাশি, উদ্বেগও প্রকাশ করেছেন অনেকেই। এক জন লিখেছেন, “যখন ওই তরুণকে দেখা যাচ্ছিল না, আমার শিরদাঁড়া দিয়ে যেন শীতল স্রোত বয়ে যাচ্ছিল।”