ভুল দিক দিয়ে গাড়ি চালাচ্ছিলেন এক মহিলা পুলিশকর্মী। অভিযোগ, সে সময় মদ্যপ ছিলেন তিনি। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। খবর, ভিডিয়ো ভাইরাল হতেই সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে তাঁকে। ঘটনাটি পুণের।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে, পুণের মঞ্জরী নামক একটি এলাকায় ঘটনাটি ঘটে। জনা কয়েক বাইকচালক পাকড়াও করেন ওই মহিলা পুলিশকর্মীকে। তাঁদের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়েন তিনি। নেশার ঘোরে মদ্যপানের কথা স্বীকার করেন বলেও দাবি প্রত্যক্ষদর্শীদের।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ওই মহিলা পুলিশকর্মীর বয়স ৩৯। কালেপডল থানার কর্মী তিনি। গত রবিবার বা সোমবার তিনি ছুটিতে ছিলেন। অভিযুক্ত মহিলা পুলিশের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। জানা গিয়েছে, ঘটনার আগে তিনি পুণের বান্ড গার্ডেন এলাকায় বন্ধুদের সঙ্গে হুল্লোড় করছিলেন। এই খবরটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
‘দ্যপুণেমিরর’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সেই ভিডিয়োয় বাইকচালকদের সঙ্গে অভিযুক্ত মহিলা পুলিশকর্মীর তর্কবিতর্কের দৃশ্য ধরা পড়েছে। ভিডিয়োটি প্রায় ২ লক্ষ বার দেখা হয়েছে। সেটি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা।
আরও পড়ুন:
মহিলা পুলিশকর্মীর নিন্দায় মুখর হয়েছেন প্রায় সকলেই। এক জন লিখেছেন, “একটি নয়, একাধিক আইন ভেঙেছেন ওই মহিলা পুলিশকর্মী। কাজ থেকে বরখাস্ত করা যথেষ্ট নয়, গ্রেফতার করা হোক ওঁকে।” কেউ আবার খোঁজ নিয়েছেন কোনও দুর্ঘটনা ঘটে গিয়েছে কি না। এক জন আবার কটাক্ষের সুরে লিখেছেন, “গাড়িটিও হয়তো ঘুষের টাকাতে কেনা। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত এক জনের হাতে আইন তুলে দেওয়া হয়েছে!”