কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনে নানা ক্ষেত্রে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঝুঁকির মুখে এসে দাঁড়িয়েছে বেশ কিছু জীবিকাও। সম্প্রতি এমনই একটি ঘটনার কথা জানা গিয়েছে, যা জেনে চোখ কপালে উঠেছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। এআই-চালিত স্মার্ট চশমা ব্যবহার করে এক অসতর্ক প্রতিপক্ষের বিরুদ্ধে দাবা খেলায় জয়লাভ করছেন এক ব্যক্তি, অভিযোগ এমনটাই। এই ঘটনা কৃত্রিম মেধার সঙ্গে সম্পর্কিত উদ্বেগগুলোকে আরও উস্কে দিয়েছে।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে, একটি পার্কে এক তরুণীকে দাবা খেলার জন্য চ্যালেঞ্জ করেন এক তরুণ। সেই খেলারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োয় তরুণকে বলতে শোনা যায়, তিনি বার দুয়েক দাবা খেলেছেন। তবে তাঁর মনে হয় তিনি সব নিয়মই জানেন। তবে যে ব্যক্তি কথাগুলি বলেন, তাঁকে ভিডিয়োর শুরুতে দেখা যায়নি। এর পর দেখা যায়, দাবা খেলা চলছে দু’জনের মধ্যে।
দাবার বোর্ডটির চারিধারে একটি আকাশি রঙের আলো দেখা যায় এবং নির্দিষ্ট কিছু ঘরে সবুজ আলো। যেন স্ক্যান করা হচ্ছে গোটা বোর্ডটিকে। কয়েক দান পরেই কিস্তিমাত হয়ে যান তরুণী। পুরো বিষয়টি বিস্মিত করে দেয় তাঁকে। বার বার জানতে চান জয়ী তরুণের দাবায় র্যাঙ্কিং কত, তিনি কোনও গ্র্যান্ডমাস্টার কি না।
আরও পড়ুন:
ভিডিয়োর পরের অংশে পুরো ঘটনার রহস্যভেদ করেন জয়ী তরুণ। তিনি জানান, প্রথমে মেটার স্মার্টগ্লাসকে ম্যাকবুকে সংযোগ করেন। এর পর একটি জিপিটি মডেলের সাহায্য নেন। জিপিটি সেই তথ্য ‘স্টকফিশ’ নামক একটি ওপেন সোর্স চেস ইঞ্জিনে পাঠায়। এটি দাবার বিভিন্ন দান বিশ্লেষণের মাধ্যমে সেরা চালটি খুঁজে বার করার চেষ্টা করে। এ ভাবেই সবচেয়ে ভাল চালগুলি জেনে ফেলে অবলীলায় প্রতিপক্ষ তরুণীকে হারিয়ে দেন বলে জানিয়েছেন তরুণ।
‘কোডবাইপুনম’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োটি দেখে হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। যদি স্মার্ট গ্লাস ব্যবহারকারী ফোন হাতে না ধরেই ছবি তুলতে, ফোন করতে, তথ্য পাচার করতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তবে সেটির দ্বারা গোপনীয়তা, নজরদারি এবং প্রতারণার মতো বিষয়গুলিও অতি সহজেই করে ফেলতে পারে বলে মত নেটাগরিকদের। পুরো ঘটনাটিতে উদ্বিগ্ন হয়েছে নেটপাড়াও।