তরোয়াল দিয়ে কেক কেটে জন্মদিনের আনন্দে মাতলেন এক তরুণ। উৎসাহ জোগালেন তাঁর বন্ধুবান্ধব। এখানেই শেষ নয়, বিশেষ সে ফুর্তির ভিডিয়ো করে সমাজমাধ্যমে পোস্টও করা হয়। তার পরই বিপাকে পড়েন তাঁরা। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই গ্রেফতার করা হয় তাঁদের সকলকে।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে, ঘটনাটি উত্তরপ্রদেশের হাপুরের। একটি মহাসড়কে গাড়ি দাঁড় করিয়ে তার উপর পাঁচটি কেক রাখা হয়। ছুরি নয়, তরোয়াল দিয়ে কেকগুলি কাটেন এক তরুণ। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। পুলিশ সূত্রে খবর, ওই কাণ্ডের ফলে ট্রাফিক আইন লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি, কোনও পথচারী এতে আঘাতও পেতে পারতেন। এই কারণেই তরুণদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটিতে দেখা গিয়েছে, গাড়ির উপরে রাখা কেকগুলি কাটছেন এক তরুণ। তাঁকে ঘিরে আমোদে মেতেছেন বেশ কয়েক জন যুবক। মনে করা হচ্ছে, ওই তরুণেরই বন্ধু তাঁরা। তরুণ কেক কাটতেই হাততালি দিতে থাকেন সকলে। ফাটানো হয় পার্টি পপার। কেক কাটার পর হাসিমুখে তরোয়াল তুলে ধরতেও দেখা গিয়েছে ওই তরুণকে। ভিডিয়োর শেষে দেখা যায়, একটি চারচাকা এবং একটি দু’চাকায় চড়ে রাতের রাস্তায় হুল্লোড় করছেন সকলে। চলন্ত গাড়ির জানালা থেকে ঝুঁকে পড়ছিলেন তাঁরা, যা অত্যন্ত বিপজ্জনক। খবর গাড়ি দু’টিকেই বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশের হস্তক্ষেপে মূল ভিডিয়োটি সমাজমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, এই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ‘বিএসটিভিন্যাশনাল’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োটি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ওই তরুণদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন সকলেই।