গাড়ি ছাড়তে না ছাড়তেই কত ভাড়া দেখিয়েছে তা জানতে চেয়েছিলেন অ্যাপ ক্যাব চালক। যাত্রা শুরুর সবে তিন থেকে পাঁচ মিনিট হয়েছে তখন। গন্ডগোলের শুরুটা সেই থেকেই। চালক ওই অ্যাপে দেখানো নির্ধারিত ভাড়ায় যেতে অস্বীকার করতে থাকেন বলে অভিযোগ। তাঁর গাড়িতে তখন সওয়ারি ছিলেন ড্যানা মেরি নামের আমেরিকান তরুণী। ভারতেই আপাতত থাকছেন তিনি।
ইনস্টাগ্রামে একটি রিল ভিডিয়োয় ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও অভিযোগ করেন, এর পর চালক তাঁকে ব্যস্ত রাস্তার মাঝেই নেমে যেতে বলেন। এমনকি, তাঁকে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ তরুণীর। সমাজমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায় তরুণীর ভিডিয়ো। তবে ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম এবং দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসেবে আমরা ভিডিয়োটি এই প্রতিবেদনের সঙ্গে দেওয়া থেকে বিরত থাকলাম।
ভাইরাল হওয়া ভিডিয়োয় তরুণীর দাবি, টোল চার্জ মেটানোর জন্য ভাড়া যথেষ্ট নয় বলে অভিযোগ করে চালক তাঁকে যাত্রার মাঝপথেই গাড়ি থেকে নামিয়ে দেন। ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে ড্যানা মেরি বলেছেন, “বেঙ্গালুরুতেই একটি এলাকায় যাওয়ার জন্য ক্যাব বুক করি। সেখানে পার্কিং করা মুশকিল হয়েছিল। যাওয়ার সময় কোনও সমস্যা হয়নি। কিন্তু অন্য একটি ক্যাবে বাড়ি ফেরার সময় পরিস্থিতি পাল্টে যায়। যাত্রা শুরুর মাত্র তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই চালক ভাড়া নিয়ে প্রশ্ন তোলেন। চালক টোলের জন্য অতিরিক্ত টাকা দিতে বলেন। আমি তা দিতে রাজি হইনি। কারণ, ভাড়ার মধ্যেই টোল অন্তর্ভুক্ত ছিল এবং আগেও একই পথে যাতায়াত করেছি, তখন কোনও চালক অতিরিক্ত ভাড়া চাননি। বিষয়টি নিশ্চিত করার জন্য ক্যাব সংস্থাকে ফোনও করি। কিন্তু, তা সত্ত্বেও ওই চালক আমাকে একটি ব্যস্ত তিন রাস্তার মোড়ের মাঝে গাড়ি থেকে নেমে যেতে বলেন। তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন।”
আরও পড়ুন:
ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে তরুণীর পাশে দাঁড়িয়েছেন অনেকেই। কেউ মন্তব্য করেছেন, “আপনাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বলে আমি অত্যন্ত দুঃখিত! দুর্ভাগ্যবশত, এটি খুবই সাধারণ ঘটনা। আর সত্যি বলতে, আমার মনে হয়, এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় কেবল কঠোর নিয়মকানুন এবং তার উন্নততর প্রয়োগই সহায়ক হতে পারে।” আরও একজন লিখেছেন, “আমাদের অনেকের সঙ্গেই এমনটা ঘটেছে।” এরই মধ্যে একজন অ্যাপ ক্যাব সংস্থাকে ট্যাগ করে বলেছেন, “এই চালক খারাপ ভাষা ব্যবহার করেছেন এবং অপেশাদার আচরণ করেছেন!! দয়া করে উপযুক্ত ব্যবস্থা নিন। আমার মনে হয় বেঙ্গালুরুর বেশিরভাগ অটো এবং ক্যাবের চালক এভাবেই কথা বলেন!”