জমি দখলকে কেন্দ্র করে হাওড়ার পাঁচলার জালালসি শেখ পাড়ায় বোমাবাজির ঘটনায় উত্তেজনা। মোতায়েন করা হয়েছে পুলিশ এবং র্যাফ।
স্থানীয় সূত্রে খবর, গত সোমবার রাতে পাঁচলার জালালসি শেখ পাড়ায় মাঠে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছিল। সেই মাঠ দখল নিয়ে অনেক দিন ধরে এলাকার দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। বিয়েবাড়ির অনুষ্ঠানের সময় আবার গন্ডগোল শুরু হয়।
অভিযোগ, মহিলা অতিথিদের উদ্দেশ্য করে খারাপ মন্তব্য করেন কয়েক জন। ওই নিয়ে বচসা শুরু হয়। তার কিছু ক্ষণ পরে বোমাবাজি হয়েছে। অভিযোগ, গঙ্গারামপুর পঞ্চায়েতের এক সদস্যের দলবল এসে এলোপাথাড়ি বোমা ছোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পাঁচলা থানার পুলিশ। দু’পক্ষের মোট ছ’জনকে মারামারি এবং বোমাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, সকলেই এখন জেল হেফাজতে। দিন দুয়েক আগে সমাজমাধ্যমে বোমাবাজির ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এলাকার মহিলারা জানিয়েছিলেন, তাঁরা আতঙ্কে রয়েছেন। জমি দখলকে কেন্দ্র করে এই ঘটনা। এলাকায় চাপা উত্তেজনা থাকায় পুলিশ এবং র্যাফ মোতায়েন করা হয়েছে। পুলিশের দাবি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।