আড়াই মাস আগে আত্মঘাতী হয়েছিলেন গড়িয়ার বাসিন্দা স্নেহা দাস নামে তরুণী। কেন তিনি আত্মহত্যা করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। মৃতার পরিবারের অভিযোগ, আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন ওই তরুণীর প্রেমিক। ঘটনার আড়াই মাস পর সেই প্রেমিককে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কৌশিক জানা নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল স্নেহার। দু’জনেরই বাড়ি গড়িয়া এলাকায়। অভিযোগ, স্নেহার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই অন্য এক জনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন কৌশিক। এই নিয়ে দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। অশান্তির কারণেই মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন স্নেহা। অভিযোগ, সেই অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন ওই তরুণী।
আরও পড়ুন:
সেই ঘটনার পরে স্নেহার পরিবার কৌশিকের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তরুণীর মৃত্যুর নেপথ্যে কৌশিকের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। পাশাপাশি, পারিপার্শ্বিক সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তদন্তকারী এক আধিকারিক।