কলকাতায় আলিপুর চিড়িয়াখান তো রয়েইছে। এ বার পাশে বিধাননগরে নিউটাউনেও বাঘ দেখা যাবে। উত্তরবঙ্গ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসার তোড়জো়ড় শুরু হয়েছে।
সামনেই শীতের মরসুম। তার আগে বন্যপ্রাণী দর্শনার্থীদের জন্য সুখবর দিল রাজ্যের বন দফতর। বনমন্ত্রী মনোজ ওরাওঁ জানিয়েছেন, আগামী বছরের শুরুতেই বাঘ নিয়ে চলে আসার পরিকল্পনা করা হচ্ছে। তবে চাক্ষুষ করতে এ বার আলিপুর চিড়িয়াখানায় যেতে হবে না। নতুন আনা বাঘের দেখা পাওয়া যাবে নিউটাউনের হরিণালয় ‘মিনি জু’-তেই। মন্ত্রী জানিয়েছেন, আগামী বছরের শুরুর দিকেই বাঘ আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সব মিলিয়ে আর মাস পাঁচেক সময় লাগতে পারে। ইতিমধ্যে নিউটাউনের হরিণালয় পরিদর্শন করে এসেছেন মন্ত্রী।
নিউটাউনের ইকো পার্কের ৬ নম্বর গেটের কাছে প্রায় সাড়ে ১২ একর জমির উপর গড়ে উঠেছে ‘মিনি জু’। বর্তমানে হরিণ, জিরাফ, শিম্পাঞ্জি, জেব্রা, জলহস্তি, কুমির-সহ বিভিন্ন প্রজাতির নানাবিধ পশুপাখি রয়েছে। এ বার নতুন সদস্য হিসাবে আনা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারকে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, শিলিগুড়ির বেঙ্গল সাফারি থেকে বাঘ আনা হবে। রাজ্যের বন বিভাগের তরফে এ-ও জানা গিয়েছে, বাঘ রাখার জন্য বিশেষ এনক্লোজার তৈরির কাজ ইতিমধ্যে শেষ। প্রয়োজনীয় অনুমতি মিললেই পরবর্তী পদক্ষেপ করা হবে। বাঘের জন্য তৈরি এনক্লোজারের ৭০ শতাংশেরও বেশি অংশ খোলা রাখা হয়েছে। সেখানে বাঘের ঘোরাফেরা এবং বিশ্রামের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। তৈরি করা হয়েছে একটি গুহাও। তা ছাড়া কাচের দেওয়াল এবং লোহার ঘেরাটোপে বিশেষ এনক্লোজার থাকছে। যেখান থেকে বাঘকে দেখতে পাওয়া যাবে। পর্যটকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে।
আরও পড়ুন:
তৃণমূল আমলে সংশ্লিষ্ট হরিণালয়ে বাঘ আনার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। শনিবার বনমন্ত্রী জানালেন, নতুন বছরেই নিউটাউনের চিড়িয়াখানায় দেখা মিলবে রয়্যাল বেঙ্গল টাইগারের।
চিড়িয়াখানাটিতে বর্তমান টিকিটমূল্য ৫০ টাকা। আগামিবছর বাঘ এলে ভিড় বাড়বে বলে আশাবাদী কর্তৃপক্ষ।