স্থানীয় ব্যবসায়ীকে মারধর এবং তাঁর দোকানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় নাম জড়িয়েছিল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতের উপপ্রধান শহিদুল শেখের। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। অবশেষে ভিন্রাজ্য থেকে তাঁকে গ্রেফতার করা হল।
স্থানীয় সূত্রে খবর, গত ১৮ মে বায়লানি বাজারের ব্যবসায়ী নিতাই দাসকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতা শহিদুল এবং তাঁর দলবলের বিরুদ্ধে। অভিযোগ, ওই দিন রাতেই নিতাইয়ের দোকান পুড়িয়ে দেওয়া হয়। কয়েক লক্ষ টাকা ক্ষতি হয় নিতাইয়ের। সেই ঘটনার তদন্তে নেমে শহিদুলের খোঁজ শুরু করে হাসনাবাদ থানার পুলিশ।
তবে ঘটনার পর থেকেই এলাকাছাড়া ছিলেন শহিদুল। শুধু এই ঘটনা নয়, পঞ্চায়েতের টাকা নয়ছয়, আবাস যোজনায় বাড়ি দেওয়ার নাম করে টাকা তোলা, বোমাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগে শহিদুলের বিরুদ্ধে মামলা দায়ের হয় থানায়। অনেক দিন ধরেই তাঁর খোঁজে বিভিন্ন দিকে তল্লাশি অভিযান চালায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ভিন্রাজ্যে পাড়ি দেয় হাসনাবাদ থানার পুলিশ। এসওজি-র সঙ্গে যৌথ অভিযানে শহিদুলকে ভিন্রাজ্যে পাকড়াও করে তারা।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে ধৃত তৃণমূল নেতাকে হাসনাবাদে নিয়ে আসা হবে। সোমবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করাবে পুলিশ। অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করতে পারে তারা।