বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে শোরগোল। মৃতের নাম আজহারুল লস্কর। তিনি জীবনতলা এলাকার বাসিন্দা ছিলেন। কী ভাবে তিনি মারা গিয়েছেন তা স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে খবর, গত ১০ অক্টোবর অপহরণ সংক্রান্ত একটি মামলায় আজহারুলকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে তাঁকে বারুইপুর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। কিন্তু সংশোধনাগারে যাওয়ার পরের দিনই, ১১ অক্টোবর শারীরিক অসুস্থতার কারণে তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সংশোধনাগার কর্তৃপক্ষের উদ্যোগেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাঁকে। তার পর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন। সোমবার হাসপাতালে মারা যান আজহারুল। কী ভাবে মৃত্যু হল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে ওই বিচারাধীন বন্দি আত্মহত্যা করেছেন। কিন্তু হাসপাতালের মধ্যে কী ভাবে সকলের নজর এড়িয়ে এমন কাণ্ড ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট হাসপাতালের সুপার সুপর্ণকান্তি হালদার জানান, ওই ব্যক্তির পেটের সমস্যা ছিল। মানসিক সমস্যাও ছিল। সে কারণে আত্মহত্যা করেছেন বলে অনুমান করা হচ্ছে। তবে তদন্ত চলছে।
আরও পড়ুন:
মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার কথা। তার রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।