চেয়েছিলেন অন্নপূর্ণা। ৩২ বছর বয়সে পেলেন বার্ধক্য ভাতা! বিহিত চেয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন পূর্ব বর্ধমানের গলসির যুবতী।
গলসির কুরকুবা গ্রামের বাসিন্দা অনন্যা আশ। তাঁর দাবি, তৃণমূল জমানায় তিনি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন। বিজেপি সরকারের আমলে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে মাসিক ৩ হাজার টাকা করে পাচ্ছিলেন। হঠাৎ করে সেই টাকা কমে একেবারে অর্ধেক হয়ে যায়। খোঁজ নিতে গিয়ে জানতে পারেন সরকারি বার্ধক্য ভাতা হিসেবে ওই দেড় হাজার টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। অথচ তিনি তো আবেদনই করেননি! বার্ধক্যের বদলে অন্নপূর্ণা যোজনার টাকা চেয়ে সোমবার গলসি-২ ব্লকের বিডিও-র দ্বারস্থ হয়েছিলেন ৩২ বছরের অনন্যা।
লিখিত আবেদনে বধূ জানিয়েছেন, গত জুন-জুলাই মাসে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণার ৩,০০০ টাকা করে জমা পড়েছিল। কিন্তু সেপ্টেম্বর সেই টাকা পাননি। খোঁজ করতে গিয়ে জানতে পারেন দেড় হাজার টাকা জমা পড়েছে। ব্যাঙ্কের নথিতে সেটি ‘বার্ধক্য ভাতা’ বলে উল্লেখিত হয়েছে। কী ভাবে বার্ধক্য ভাতার টাকা তাঁর অ্যাকাউন্টে ঢুকল এবং কেন অন্নপূর্ণার টাকা বন্ধ হয়ে গেল, এই প্রশ্ন রেখেছেন তিনি। এ-ও জানিয়েছেন, তাঁর গরিব পরিবার। তিন হাজার টাকা না পাওয়ার সমস্যায় পড়েছেন। ব্যাঙ্ক স্টেটমেন্ট, ভোটার কার্ড এবং আধার কার্ডের প্রতিলিপিও দিয়ে এসেছেন তিনি।
আরও পড়ুন:
ব্লক প্রশাসন সূত্রে খবর, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। কী ভাবে প্রকল্পের পরিবর্তন হল এবং সংশ্লিষ্ট নথিতে কী তথ্য রয়েছে, তা যাচাই করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।