চার দিন পরেই বিয়ে। হবু স্ত্রীকে নিয়ে বর্ধমান থেকে গুসকরায় প্রি-ওয়েডিং শুট করাতে যাচ্ছিলেন আসরফ মল্লিক। সঙ্গে ছিলেন চিত্রগ্রাহক এবং বন্ধুরা। ভাতার থানার ঝর্না মোড়ের কাছে ১১৪ নম্বর জাতীয় সড়কে গাড়ি এবং মোটরবাইকের সংঘর্ষে প্রাণ হারালেন দুই চিত্রগ্রাহক-সহ তিন জন। অল্পের জন্য প্রাণে বাঁচলেন হবু দম্পতি। তবে তাঁরা আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে বর্ধমান থেকে গুসকরার দিকে যাচ্ছিল একটি স্করপিয়ো। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মোটরবাইকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। ধাক্কার অভিঘাত এতটাই তীব্র ছিল যে দুমড়ে যায় মোটরবাইকটি। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে ধানজমিতে উল্টে যায় চারচাকা। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে নামেন। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় মৃতেরা হলেন ভাতার থানার ওরগ্রামের বাসিন্দা জামাল শাহ শেখ (৪৭), বর্ধমানের কমলসায়েরের শেখ নওয়াজ (২৩) এবং জামালপুরের মশাগ্রামের সুদেব ঘোষ (২৮)। জামাল বাইকে ছিলেন। পেশায় চিত্রগ্রাহক নওয়াজ এবং সুদেব গাড়িতে বসেছিলেন। ছবি তুলতে তাঁদের সঙ্গেই গুসকরা যাচ্ছিলেন রাজা ও তাঁর হবু স্ত্রী জিন্নাতুন খাতুন।
আরও পড়ুন:
পুলিশের প্রাথমিক অনুমান, জাতীয় সড়কের উপর আচমকা একটি ছাগল চলে আসায় সেটিকে বাঁচাতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার জেরেই মোটরবাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে থাকতে পারে। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।