ঝগড়ার মাঝে শাশুড়ির নাক কামড়ানোর অভিযোগ উঠল বৌমার বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন অভিযুক্ত পুত্রবধূ পূর্বা মণ্ডল। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সোনারুদ্র এলাকার ঘটনা। শাশুড়ি চায়না মণ্ডল বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চায়না এবং পূর্বার মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। বৃহস্পতিবার শাশুড়ি-বৌমার বিবাদ চরমে ওঠে। সে সময় বাড়িতে ছিলেন না অভিযুক্তের স্বামী। অভিযোগ, দু’জনের মধ্যে হাতাহাতি চলাকালীন হঠাৎ শাশুড়ির নাকে কামড় বসিয়ে দেন পূর্বা। নাকের কিছুটা মাংস খুবলে নেওয়া হয় বলে অভিযোগ।
যন্ত্রণায় ছটফট করতে থাকা চায়নাকে স্থানীয় শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন:
ধৃত পূর্বার দাবি, দীর্ঘদিন ধরে শাশুড়ি তাঁকে অত্যাচার করছিলেন। এই নিয়ে তিনি থানায় বধূ নির্যাতনের অভিযোগও দায়ের করেছিলেন। বৃহস্পতিবার শাশুড়ি তাঁর চুলের মুঠি ধরে মারধর করছিলেন। সেই সময় আত্মরক্ষার জন্য শাশুড়ির নাকে কামড় বসান বলে দাবি ধৃত বৌমার।