জানেন কি পূর্ব বর্ধমানে রয়েছে একটি ‘দ্বীপ’? সেখানে ডাবের জল দিয়ে চা তৈরি হয়! দু’বছর ধরেই এখানে পাওয়া যায় বিশেষ এই চা। যার স্বাদ নিতে ভিড় জমান চা-প্রেমীরা।
চা বা কফি-প্রেমীদের চেনা নাম দুধ চা, লিকার চা, ক্যাপুচিনো বা ব্ল্যাক কফি। এ ছাড়াও বিভিন্ন ধরনের চা বা কফির খোঁজ পেলেই সেখানে ভিড় জমান তাঁরা। এ বার খোঁজ মিলল ডাবের জল দিয়ে তৈরি চায়ের। পূর্ব বর্ধমানের এই ‘দ্বীপ’ সকলের চেনা। এলাকার নাম অগ্রদ্বীপ। সেখানেই রয়েছে গড়াই টি স্টল। ওই চা দোকানেই তৈরি হয় বিশেষ এই চা। তবে অভিনব চায়ের কোনও লুকানো রেসিপি নেই। ক্রেতাদের চোখের সামনেই হয় চা তৈরি।
দোকানের মালিক সুকান্ত গড়াই জানান, ব্যবসায় নতুনত্ব আনার ভাবনা ও সাধারণ চায়ের বাইরে চা-প্রেমীদের অন্য স্বাদের সন্ধান দিতেই তাঁর এই উদ্যোগ। প্রথমে নিজেই বিভিন্ন স্বাদের পরীক্ষা-নিরীক্ষা করেন তিনি। পরে ক্রেতাদের সামনে তুলে ধরেন ডাবের জলে তৈরি চা। ক্রমশ অভিনব পানীয়কে ঘিরে বাড়তে থাকে কৌতূহল ও উৎসাহ।
আরও পড়ুন:
কী ভাবে তৈরি হয় ডাবের জলের চা? প্রথমে তাজা ডাব কেটে বের করে নেওয়া হয় জল। এরপর সেই ডাবের জল হালকা গরম করে তাতে তৈরি করা হয় চায়ের লিকার। দোকানের মালিকের দাবি, এই চায়ের জন্য আলাদা করে দুধ, জল বা চিনি মেশানো হয় না। বিক্রেতা আরও জানাচ্ছেন, সাধারণ চা করতে গেলে জল ফোটানো হয় কিন্তু বিশেষ এই চায়ের ক্ষেত্রে ডাবের জল ফোটানো হয় না।
ডাবের তৈরি চা ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন সুকান্ত। — নিজস্ব চিত্র।
চা বিশেষ হলেও দাম সাধারণ চায়ের মতোই। এক কাপ ডাবের জলের চায়ের দাম ১০ টাকা। তবে ডাবের আকার ও কাপের মাপ অনুযায়ী দাম হতে পারে ৩০, ৪০ বা ৫০ টাকা। পাশাপাশি, এই দোকানে পাওয়া যায় সাধারণ চা-ও।
চা-প্রেমী জিতু খান ও প্রদ্যোৎ দাসের মতে, এই চা মুখে না দিলে বিশ্বাস করাই যাবে না। স্থানীয়েরা জানাচ্ছেন, সকালের চেয়ে সন্ধ্যায় বেশি ভিড় হয় দোকানে। কখনও কখনও চায়ের অর্ডার দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষাও করতে হয় ক্রেতাদের।