ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মঙ্গলবার, নবমীর রাতে কলকাতা জুড়ে মোট ৭৮২টি মামলা হয়েছে। তার মধ্যে রয়েছে বিনা হেলেমেটে বাইক চালানো, এক বাইকে তিন জন সওয়ারি, বেপরোয়া ভাবে গাড়ি চালানো এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর মতো মামলা রয়েছে।
লালবাজারের তরফে ওই সব মামলার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে বিনা হেলমেটে বাইক চালানোর অভিযোগে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এক বাইকে তিন সওয়ারি নিয়ে চালানোর অভিযোগে মামলা হয়েছে ১৬০টি। বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মামলা হয় ১১১টি। মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ১১০ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এ ছাড়াও ট্রাফিক আইন সংক্রান্ত আরও ১১৬টি মামলা হয়েছে। পাশাপাশি, বিভিন্ন ডিভিশন মিলিয়ে মোট ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, দুর্গাপুজোকে ঘিরে প্রতি বারই কলকাতাকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। রাস্তায় রাস্তায় পুলিশের টহলদারি এবং নজরদারিও বাড়ানো হয়। উৎসবের দিনগুলিতে যাতে বেপরোয়া ভাবে, মত্ত অবস্থায় গাড়ি চালানো না হয় তার উপর বিশেষ নজরদারি থাকে।