Advertisement
E-Paper

শনিবারই নতুন নিম্নচাপ তৈরি হয়ে যাবে, উপকূলের কাছে পৌঁছোবে কবে? কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভোগান্তি কতটা

ঘূর্ণিঝড় অর্ণবের অবশিষ্টাংশ শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। উত্তর ছত্তীসগঢ় এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের উপর তা অবস্থান করছে। আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে সাগরে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১১:৩৬
বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে।

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। —ফাইল চিত্র।

ঘূর্ণিঝড় অর্ণবের দাপট কমলেও আবহবিদদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ, বঙ্গোপসাগরের উপর নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তার ফলে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে ঝড়বৃষ্টি হতে পারে। তা ছাড়া, অর্ণবের অবশিষ্টাংশের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সাগরে তৈরি হতে চলা নতুন নিম্নচাপটির তেমন প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না বলেই মনে হচ্ছে। তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে একই পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার উত্তরের ওই পাঁচ জেলায় হলুদ সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়াও বইতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে মঙ্গলবার থেকেই আবহাওয়া শুকনো হতে শুরু করবে।

ঘূর্ণিঝড় অর্ণবের অবশিষ্টাংশ শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। উত্তর ছত্তীসগঢ় এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের উপর তা অবস্থান করছে। এর সঙ্গে ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্রতল থেকে সাড়ে চার কিলোমিটার উঁচুতে। এর প্রভাবে উত্তরবঙ্গের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। তাই সেখানে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপর নতুন করে যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে, ধীরে ধীরে তা উপকূলের দিকে এগোচ্ছে। এর সংলগ্ন ঘূর্ণাবর্তটির উচ্চতা সমুদ্রতল থেকে ৫.৮ কিলোমিটার। আবহবিদেরা জানিয়েছেন, শনিবারের মধ্যে ওই নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তার পর পরবর্তী দু’দিনে শক্তি বাড়িয়ে তা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে। নিম্নচাপের অভিমুখ থাকবে পশ্চিম-উত্তর পশ্চিম। নতুন নিম্নচাপ পরিস্থিতির দিকে আলিপুর আবহাওয়া দফতর নজর রেখেছে। তবে এখনই তার প্রভাব পশ্চিমবঙ্গের উপকূলে পড়ছে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় পরিবর্তিত হবে না। তার পরের তিন দিনে ধীরে ধীরে দুই থেকে চার ডিগ্রি চড়তে পারে পারদ। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি কম।

Bay Of Bengal Depression in Bay of Bengal West Bengal Weather Weather Alert Weather Today Weather Forecast Bengal weather today Kolkata Weather

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy