নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা ও শহরতলিতে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপটও। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাল, এ বার হাওয়া বদলের পালা। নিম্নচাপ এখনও সক্রিয়। কিন্তু তার প্রভাব আপাতত আর পশ্চিমবঙ্গের উপর পড়ছে না। বরং এ বার রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় শরতের আভাস মিলতে পারে।
ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের সীমান্ত সংলগ্ন গভীর নিম্নচাপটি শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছিল আগেই। তা আরও উত্তর-পশ্চিমে সরেছে এবং মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ের সীমান্তের কাছে অবস্থান করছে। রবিবারের মধ্যে তা শক্তি হারিয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে বলে মনে করছেন আবহবিদেরা। এর প্রভাবে সংলগ্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। তবে পশ্চিমবঙ্গে নিম্নচাপের সরাসরি প্রভাবে ভারী বৃষ্টি বা ঝড়বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
আরও পড়ুন:
হাওয়া অফিস জানিয়েছে, দেশ থেকে বর্ষা এখনও পুরোপুরি বিদায় নেয়নি। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা বা নতুন করে কোনও দুর্যোগের আশঙ্কা এখন নেই। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতাও উত্তর বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি করেনি আলিপুর। সমুদ্র নিম্নচাপের প্রভাবে উত্তাল ছিল। শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছিল। রবিবার থেকে আর কোনও সতর্কতা নেই সমুদ্রে। তবে কলকাতা-সহ সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে।
রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম।