উৎসবের মরসুমে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আরও বাড়ল। কলকাতায় প্রায় ১৭ টাকা বাড়ানো হয়েছে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম। রবিবার, ১ নভেম্বর থেকে বর্ধিত মূল্য কার্যকর হচ্ছে। শহরে এখন বাণিজ্যিক গ্যাসের নতুন দাম ২৯৭১ টাকা। তবে গৃহস্থের রান্নার গ্যাসের দাম বাড়েনি। ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার মিলছে ৯৬৮ টাকাতেই।
এই নিয়ে পর পর তিন বার বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল। এর আগে গত সেপ্টেম্বরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ১০ টাকা বেড়েছিল। অক্টোবরে অর্থাৎ, দুর্গাপুজোর মাসে তা এক ধাক্কায় আরও ৭০ টাকা বেড়ে যায়। কালীপুজোর আগে নভেম্বরেও মূল্যবৃদ্ধি অব্যাহত। ক্রমাগত দাম বাড়তে থাকায় হোটেল, রেস্তরাঁগুলিতে খাওয়ার খরচ বাড়ছে। ফলে সরাসরি গৃহস্থের হেঁশেলে চাপ না পড়লেও টান পড়তে বাধ্য আমজনতার পকেটে।
আরও পড়ুন:
কলকাতার পাশাপাশি দেশের অন্য শহরগুলিতেও ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে রবিবার থেকে। দিল্লিতে ১০ টাকা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হয়েছে ২৮২০ টাকা। মুম্বইতে ২৭৬৪ টাকা ৫০ পয়সায় বাণিজ্যিক সিলিন্ডার মিলছে। চেন্নাইতে তার দাম এখন ২৯৯৪.৫ টাকা।
শুধু বাণিজ্যিক গ্যাস নয়, বিমানের জ্বালানি তেলের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটারে ১.৩৭ টাকা বেড়ে ওই জ্বালানির দাম এখন ১৩৮.৫ টাকা। এর আগে ১ সেপ্টেম্বর বিমানের জ্বালানির দাম ৬.২৮ টাকা বেড়েছিল। ১ অক্টোবর তা আরও ১৬ টাকা বাড়ানো হয়।