পারিবারিক অশান্তির ভয়ঙ্কর পরিণতি। স্ত্রীর সঙ্গে বচসা করে তাঁকে বঁটি দিয়ে কেটে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার তারকনগর স্টেশন সংলগ্ন এলাকায়।
অভিযুক্তের নাম সমীর মজুমদার। রবিবার তাঁর স্ত্রী সুমিত্রা মজুমদারের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবার সূত্রে খবর, অভিযুক্ত নিজের পুত্র বাবুসোনাকে বলেছিলেন, পাশের বাড়ি থেকে তাঁর মাকে ডেকে আনতে। ছেলে তা-ই করে। স্ত্রী বাড়ি ফিরে এলে তাঁর সঙ্গে ঝগড়া শুরু হয় সমীরের। বাবা-মায়ের বচসার সময় পুত্র ভয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।
খানিক পরে সমীর বাড়ি থেকে বেরিয়ে তাঁর দুই সন্তানকে নিয়ে স্টেশনের দিকে হাঁটছিলেন। তার মধ্যে প্রতিবেশীরা জড়ো হন সমীরের বাড়িতে। গলাকাটা অবস্থায় সুমিত্রার দেহ দেখতে পান। তাঁরাই দৌড়ঝাঁপ করে সমীরকে আটকান। পুলিশকে ডেকে তাঁকে তাদের হাতে তুলে দেন।
আরও পড়ুন:
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঠিক কী কারণে খুন, তা খতিয়ে দেখা হচ্ছে।