প্রতিমা দর্শন করতে মণ্ডপে আসা দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ। শুধু তা-ই নয়, ওই ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় এক ব্যক্তিকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদের বহরমপুরের স্থানীয় তৃণমূল নেতার দুই সঙ্গীকে পাকড়াও করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক ওই নেতা!
ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার ইন্দ্রপ্রস্থের ইন্দ্রপুরী এলাকায়। দশমীর সকালে এলাকার এক বায়োয়ারি মণ্ডপে প্রতিমা দর্শনে এসেছিলেন দুই মহিলা। অভিযোগ, টুবাই নামে এক যুবক এবং তাঁর দুই সঙ্গী মণ্ডপে দর্শনার্থীদের সঙ্গে অভব্য ব্যবহার করেন। মহিলাদের উত্যক্ত করতে থাকেন। দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগও ওঠে তাঁদের বিরুদ্ধে। সেই ঘটনা নজরে আসতে স্থানীয় এক ব্যক্তি টুবাইদের বারণ করেন। আর তাতেই রেগে যান অভিযুক্তেরা। অভিযোগ, ওই ব্যক্তিকে মারধর করা হয় মণ্ডপের ভিতরে।
আরও পড়ুন:
ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বহরমপুর থানার পুলিশ। শুরু করে তিন অভিযুক্তের খোঁজ। পুলিশ সূত্রে খবর, টুবাই ঘটনার পর থেকেই পলাতক। তবে তাঁর দুই সঙ্গীকে এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ধৃতদের থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের সামনেই ওই দুই অভিযুক্তকে গণধোলাই দেন স্থানীয়েরা। যদিও পুলিশের তৎপরতায় পরিস্থিতি বেশি খারাপ হয়নি। ধৃতদের থানায় নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে মূল অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ।