জখম ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের সঙ্গে দেখা করলেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ বিন রাশিদ আল মাকতুম। ককপিটে কুঠারের আঘাতে জখম স্মিত এখন ভর্তি রয়েছেন আবু ধাবির এক হাসপাতালে। শনিবার তাঁর সঙ্গে দেখা করতে ওই হাসপাতালে যান দুবাইয়ের যুবরাজ তথা সংযুক্ত আরব আমিরশাহির উপপ্রধানমন্ত্রী মাকতুম। সহ-পাইলটের হাতে আক্রান্ত হয়েও মচ্ছর যে ভাবে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তার প্রশংসা করেন তিনি।
দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের ওই বিমানটিতে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে মোট ১৮২ জন ছিলেন। সহ-পাইলটের হাতে আক্রান্ত হওয়ার পর রক্তাক্ত অবস্থায় কোনও ক্রমে ককপিটের দরজা খুলে দিয়েছিলেন তিনি। তার ফলেই ওই হামলাকারীকে ধরতে পারেন বিমানযাত্রীরা। তাঁর সাহসিকতায় মুগ্ধ রাষ্ট্রনেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বটেই, ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ বিভিন্ন রাষ্ট্রনেতা তাঁর প্রশংসা করেছেন। তাঁকে ‘সত্যিকারের নায়ক’ বলে সম্বোধন করেছেন। এ বার সেই তালিকায় জুড়লেন সংযুক্ত আরব আমিরশাহির উপপ্রধানমন্ত্রীও।
আবু ধাবির হাসপাতালে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন স্মিত। তাঁর শারীরিক অবস্থার আগের চেয়ে উন্নতি হয়েছে। এ দিন হাসপাতালে গিয়ে স্মিতকে অভিবাদন জানিয়ে তাঁকে আলিঙ্গন করেন যুবরাজ। বেশ কিছুক্ষণ কথাও বলেন দু’জনে। স্মিতের সঙ্গে সাক্ষাতের পরে সমাজমাধ্যমে পোস্ট করেন যুবরাজ মাকতুম। ভারতীয় পাইলটের সাহস, দায়িত্ববোধ এবং মানুষের জীবন বাঁচানোর জন্য তাঁর যে তাগিদ— তার প্রশংসা করছেন দুবাইয়ের যুবরাজ। এর জন্য সংযুক্ত আরব আমিরশাহির প্রশাসনের তরফে স্মিতকে কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। স্মিত প্রসঙ্গে যুবরাজ লেখেন, “তিনি আমাদের দেশের একটি ইতিহাস, আদর্শের সঙ্গে জড়িত। এটা আমাদের কাছে গর্বের।”
আরও পড়ুন:
ঘটনাচক্রে, ফ্লাইদুবাইয়ের ককপিটের ঘটনা নিয়ে শনিবারই বিবৃতি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। ঘটনার তিন দিন পর এই প্রথম বার মুখ খুলেছে তারা। ককপিটে পাইলটের উপরে আক্রমণকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে উল্লেখ করেছে সংযুক্ত আরব আমিরশাহি। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, অভিযুক্ত উগ্র মতাদর্শে দীক্ষিত। বিমানটি ধ্বংস করে ইজ়রায়েলি নাগরিকদের হত্যাই ছিল তাঁর উদ্দেশ্য। গোটা ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করেছে ইজ়রায়েলও।