Advertisement
E-Paper

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বেশি দিন ইটালির প্রধানমন্ত্রিত্বে! মেলোনির নজিরে শুভেচ্ছাবার্তা পাঠালেন মোদী

২০২২ সালের ২২ অক্টোবর থেকে ইটালির ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মেলোনি। টানা ১,৪১৩ দিন দায়িত্বে থাকার পরে, বৃহস্পতিবার আর একটি নজির তৈরি করেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫১
Narendra Modi congratulates Giorgia Meloni on becoming Italy’s longest continuously serving post World War II PM

নরেন্দ্র মোদীর সঙ্গে জর্জিয়া মেলোনি। —ফাইল চিত্র।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইটালিতে এক টানা সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার রেকর্ড গড়লেন জর্জিয়া মেলোনি। আর সেই নজির স্থাপনের দিনে শুভেচ্ছাবার্তা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে। সমাজমাধ্যমে মেলোনিকে শুভেচ্ছা জানিয়ে মোদী লিখেছেন, ‘‘ইটালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে একটানা দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ায় আমার বন্ধু মেলোনিকে অভিনন্দন। এই নজির হল তাঁর নেতৃত্বের প্রতি ইটালির জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।’’

২০২২ সালের ২২ অক্টোবর থেকে ইটালির ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মেলোনি। টানা ১,৪১৩ দিন দায়িত্বে থাকার পরে, বৃহস্পতিবার তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের দেশটির সবচেয়ে দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্ন ভাবে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হিসেবে নতুন নজির গড়েছেন। মোদী জানিয়েছেন, মেলোনির বন্ধুত্ব ভারত-ইটালি বিশেষ কৌশলগত অংশীদারিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। লিখেছেন, ‘‘দু’দেশের জনগণের জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখাতে আমি উন্মুখ।’’ এর পরেই মোদীর মন্তব্য, ‘‘আগামী বছরগুলিতে তাঁর সাফল্যের ধারা যাতে অব্যাহত থাকে, সে জন্য আমার আন্তরিক শুভকামনা জানাই।’’

প্রসঙ্গত, মোদী এবং মেলোনির বন্ধুত্বের রসায়ন গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক কূটনীতিতে জল্পনার বিষয়। গত মে মাসে ইটালি সফরে গিয়ে মেলোনির সঙ্গে সাক্ষাৎপর্বে তাঁকে ‘মেলোডি’ চকোলেট উপহার দিয়েছিলেন মোদী। সেই চকোলেট উপহারের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন মেলোনি। মোদী নিজেও ২০২৬ সালের ১০ জুন ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ধরে একটানা দায়িত্ব পালনকারী ‘নির্বাচিত প্রধানমন্ত্রী’ হওয়ার নজির গড়েছেন। সে দিন প্রধানমন্ত্রিত্বে ৪,৩৯৯ দিন পূর্ণ করেছিলেন মোদী। প্রসঙ্গত, ১৯৪৭ সালের ১৫ অগস্ট থেকে ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত, ৬,১৩১ দিন টানা প্রধানমন্ত্রী ছিলেন নেহরু। তবে তবে তাঁর দায়িত্বকালের একটি অংশ স্বাধীনতার পরে প্রথম লোকসভা নির্বাচনের আগের সময়কালে। অন্যদিকে, নেহরু-কন্যা ইন্দিরা গাঁধী প্রায় ১৬ বছর প্রধানমন্ত্রী থাকলেও তা ছিল দু’টি পৃথক মেয়াদে।

Italian Prime Minister Giorgia Meloni Giorgia Meloni Narendra Modi Italy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy