Advertisement
E-Paper

আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! ফের বাড়ল সামরিক সংঘাত

গত মার্চে আফগানিস্তানের কাবুলে এক হাসপাতালে বোমা ফেলেছিল পাকিস্তান। হাসপাতালে ওই বোমাবর্ষণে অন্তত ৪০০ জনের মৃত্যুর খবর মিলেছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৩
পাকিস্তানে হামলার পরে আফগানিস্তানের খোস্ত প্রদেশ।

পাকিস্তানে হামলার পরে আফগানিস্তানের খোস্ত প্রদেশ। ছবি: রয়টার্স।

আফগানিস্তানে ফের হামলা চালাল পাকিস্তান। বুধবার বেশি রাতের দিকে আফগানিস্তানের খোস্ত প্রদেশে অন্তত ১০টি এলাকায় আকাশপথে হামলা করেছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, এই এলাকাগুলিতে ড্রোন মজুত করছিল আফগানিস্তান। যদিও হামলায় কোনও হতাহতের খবর মেলেনি।

গত কয়েক দিন ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ফের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত রবিবার রাতেও আফগানিস্তানের কুনার এবং পাক্‌তিকায় বোমা ফেলে পাকিস্তান। হামলায় অন্তত তিন আফগান নাগরিকের মৃত্যু হয়। ওই ঘটনার তিন দিনের মাথায় ফের আফগানিস্তানে আক্রমণ করল পাক বাহিনী। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবি, বুধবার আফগানিস্তান থেকে পাক ভূখণ্ডের দিকে ড্রোন ছোড়া হয়েছিল। সেগুলি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেওয়া হয়। ওই ড্রোন হামলার জবাব দিতেই পাক বাহিনী আফগানিস্তানের ১০ জায়গায় হামলা চালিয়েছে বলে দাবি পাকিস্তানি মন্ত্রীর।

অন্য দিকে আফগানিস্তানের খোস্তের প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র মুস্তাগফির গুরবাজ় জানান, খোস্তের কয়েকটি এলাকায় পাকিস্তান হামলা চালিয়েছে। তবে হামলায় কারও মৃত্যুর খবর মেলেনি বলেই জানান তিনি।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এই সংঘর্ষের মূলে রয়েছে পাকিস্তানের অভ্যন্তরীণ বিদ্রোহ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দীর্ঘদিন ধরেই সক্রিয় তেহরিক-ই-তালিবান গোষ্ঠী। সশস্ত্র এই গোষ্ঠীকে পাকিস্তানি তালিবানও বলা হয়। পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর সঙ্গে প্রায়শই এদের সংঘর্ষ লেগে থাকে। নিজেদের অভ্যন্তরীণ সমস্যা মেটাতে ব্যর্থ হয়ে ইসলামাবাদ এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আফগানিস্তানের যোগাযোগের তত্ত্ব তুলে ধরতে শুরু করে। তাদের দাবি, এই বিদ্রোহীদের মদত দিচ্ছে কাবুলের তালিবান সরকারই। যদিও এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে কাবুল।

গত মার্চে আফগানিস্তানের কাবুলে এক হাসপাতালে বোমা ফেলেছিল পাকিস্তান। হাসপাতালে ওই বোমাবর্ষণে অন্তত ৪০০ জনের মৃত্যুর খবর মিলেছিল। ওই হামলার নিন্দা জানিয়েছিল নয়াদিল্লিও। তার পর থেকে মাসখানেক পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। কিন্তু গত সপ্তাহ থেকে ফের উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে। উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি থানায় বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়। তার পরে চলতি সপ্তাহে দু’বার আফগানিস্তানে হামলা করে ফেলল পাকিস্তানি বাহিনী।

Afghanistan Pakistan Airstrike

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy