Advertisement
E-Paper

পাকিস্তানে ফের আত্মঘাতী হামলা! ডেরা ইসমাইল শহরে পুলিশ চৌকির কাছে বিস্ফোরণে নিহত অন্তত ১১, আহত ৩০

ডেরা ইসমাইল খান শহরটি আফগানিস্তান সীমান্তের কাছে। আশপাশে রয়েছে জনজাতি অধ্যুষিত জেলা। আগেও এই শহরের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৬
Several people deaths in blast in Pakistan’s Dera Ismail Khan

পাকিস্তানে আবার আত্মঘাতী হামলা। ছবি: এক্স (সাবেক টুইটার)।

পাকিস্তানে আবার বিস্ফোরণ। উত্তর-পশ্চিম পাকিস্তানের ডেরা ইসমাইল খান শহরে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। গুরুতর জখম কমপক্ষে আরও ৩০ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে ‘আল জাজ়িরা’ জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন কয়েক জন নিরাপত্তাকর্মীও। ওই প্রতিবেদনে আরও দাবি, পুলিশ চৌকির কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে।

এই ডেরা ইসমাইল খান শহরটি আফগানিস্তান সীমান্তের কাছে। আশপাশে রয়েছে জনজাতি অধ্যুষিত জেলা। আগেও এই শহরের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছিল। পুলিশকে লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই বিস্ফোরণে পাঁচ জনের মৃত্যু হয়। শনিবারের এই বিস্ফোরণের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)।

দিনকয়েক আগেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এক মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ হয়। রেসকিউ ১১২২-এর প্রধান বিলাল আহমেদ ফৈজী জানিয়েছিলেন, প্রার্থনার জন্য অনেক মানুষ হাজির হয়েছিলেন মসজিদে। প্রার্থনা শুরু হতেই জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদ। এই বিস্ফোরণে মসজিদের একাংশ ধসে যায়। স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ এবং উদ্ধারকারী গিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সেই বিস্ফোরণের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছিল।

সাম্প্রতিক সময়ে বার বার অশান্ত হয়ে উঠেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকা। বিভিন্ন শহর, গ্রামে আত্মঘাতী হামলার খবর প্রকাশ্যে এসেছে। শুধু নিরাপত্তাকর্মী নন, বিস্ফোরণে অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।

Blast Pakistan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy