বালোচিস্তান, পাক অধিকৃত কাশ্মীর, খাইবার পাখতুনখোয়ায় পরে এ বার বেসুরো পাকিস্তানের সিন্ধুপ্রদেশ। রাষ্ট্রপুঞ্জ মানবাধিকার পরিষদের (ইএনএইচআরসি) ৬৩তম অধিবেশনে ওয়ার্ল্ড সিন্ধি কংগ্রেস অবিলম্বে এ বিষয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে।
ওয়ার্ল্ড সিন্ধি কংগ্রেসের প্রতিনিধি হাফিজান ওয়াধিও সুইৎজ়ারল্যান্ডের জেনিভায় ইএনএইচআরসি-র অধিবেশনে বলেন, ‘‘পরিকল্পিত ভাবে সিন্ধুর আদি বাসিন্দাদের অধিকার সঙ্কুচিত করা হচ্ছে।’’ তাৎপর্যপূর্ণ ভাবে বালোচ এবং অধিকৃত কাশ্মীরের মানবাধিকার সংগঠনগুলির মতোই হাফিজানের বক্তব্যেও উঠে এসেছে পঞ্জাবি আধিপত্যের প্রসঙ্গ। সম্প্রতি পাকিস্তান সরকার সিন্ধু প্রদেশকে ভাগ করে নতুন প্রদেশ বা প্রশাসনিক ইউনিট করতে সক্রিয় হয়েছে। সেই উদ্যোগের বিরোধিতায় ইতিমধ্যেই সরব হয়েছে সিন্ধুর বেশ কয়েকটি সংগঠন। হাফিজানও তাঁর বক্তৃতায় ইসলামাবাদের ওই উদ্যোগের সমালোচনা করে বলেছেন, ‘‘সিন্ধু জাতীয়তাবাদ খণ্ডিত করার যে প্রচেষ্টা চলছে তা মেনে নেওয়া হবে না।’’
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বালোচিস্তানের মানবাধিকার সংগঠন ‘বালোচ ন্যাশনাল মুভমেন্ট’ (বিএনএম) পাক সেনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, অপহরণ, হত্যা-সহ একাধিক অভিযোগ তুলেছে জেনিভার অধিবেশনে। তার আগে বুধবার পাক অধিকৃত কাশ্মীরের সংগঠন ‘ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি’-র নেত্রী এবং মানবাধিকারকর্মী তসলিমা আক্তার ইসলামাবাদের অত্যাচারের বিরুদ্ধে স্মারকলিপি জমা দিয়েছেন ইএনএইচআরসি-তে। তাঁর অভিযোগ, গত জুলাইয়ে পঞ্জাবিদের রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে ‘জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি’ (জেএএসি)-র বিক্ষোভ কর্মসূচি চলাকালীন ধারাবাহিক হত্যাকাণ্ড চালিয়েছে পাক সেনা। পাক অত্যাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবিতে জেনিভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংস্থার দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন খাইবার পাখতুনখোয়ার পশতুন জনগোষ্ঠীর মানবাধিকার আন্দোলনের কর্মা আরিফ আজ়াকিয়াও।