Advertisement
E-Paper

চাইলে ভারত-চিনের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাতে পারেন ট্রাম্প! নয়া বিল নিয়ে আলোচনার অনুমোদন দিল মার্কিন সেনেট

সেনেটে শুধু রিপাবলিকান সদস্যেরা নন, ডেমোক্র্যাট সেনেটরেরাও এই বিলের পক্ষে ভোট দেন। ভারত ছাড়াও চিন, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং আজ়েরবাইজানের কথা উল্লেখ রয়েছে বিলে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১৪:১১
US Senate advances sanctions bill targeting Russian-Iranian oil buyers

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ভারত, চিন-সহ পাঁচটি দেশের উপর কি এ বার ১০০ শতাংশ শুল্ক চাপাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? রাশিয়ার উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত নয়া বিল মার্কিন সেনেটে আলোচনার অনুমোদন মিলল। সেই বিল পাস হয়ে গেলে ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর পথে বাধা থাকবে না।

সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার (স্থানীয় সময়) বিলটি নিয়ে আলোচনার জন্য প্রস্তাব পেশ হয় মার্কিন সেনেটে। পক্ষে ভোট পড়ে ৮৬। আর বিপক্ষে মাত্র ১২। অর্থাৎ, সেনেটে শুধু রিপাবলিকান সদস্যেরা নন, ডেমোক্র্যাট সেনটরেরাও এই বিল নিয়ে আলোচনার পক্ষে ভোট দেন। গত বছরের এপ্রিলে সদ্যপ্রয়াত রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম মার্কিন কংগ্রেসে শুল্ক সংক্রান্ত একটি বিল পেশ করেছিলেন। বিলে বলা হয়েছিল, আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে যদি কোনও দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখে, তবে সংশ্লিষ্ট দেশ থেকে আমদানি করা পণ্যে ৫০০ শতাংশ শুল্ক বসানো হবে। যদিও সেই বিল এখনও কার্যকর হয়নি। আমেরিকা যে নয়া বিলের কথা বলছে, সেটা ওই বিলেরই সংশোধনী। সংশোধনী বিলে শুল্কের পরিমাণ ১০০ শতাংশ করা হয়েছে। ভারত ছাড়াও চিন, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং আজ়েরবাইজানের কথা উল্লেখ রয়েছে বিলে।

শুল্কনীতি নিয়ে আগেই আদালতে ধাক্কা খেয়েছিল ট্রাম্পের প্রশাসন। সে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছিল, জাতীয় জরুরি অবস্থার জন্য ব্যবহৃত আইন প্রয়োগ করে বিভিন্ন দেশের উপর ট্রাম্প যে আমদানি শুল্ক চাপিয়েছিলেন, তা বেআইনি। এর পরে সাময়িক ভাবে ১০ শতাংশ শুল্কের ঘোষণা করেছিলেন ট্রাম্প। সম্প্রতি সেই শুল্কনীতিও ধাক্কা খেয়েছে আদালতে। সেই আবহে আবার নতুন করে ভারত-সহ কয়েকটি দেশের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর গিয়ে আরও একধাপ এগোল আমেরিকা।

সংক্ষেপে
  • আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২ ফেব্রুয়ারি নিজেই সমাজমাধ্যমে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের উপর শুল্ক ১৮ শতাংশে নামিয়ে এনেছেন তিনি।
  • ট্রাম্পের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীই তাঁকে শুল্ক সমঝোতার জন্য অনুরোধ করেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি, আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল কিনবে ভারত।
US Tariff War

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy