একলপ্তে ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছাবসর নেওয়ার প্রস্তাব দিয়েছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্ট। কৃত্রিম মেধায় বিনিয়োগে কর্মী সঙ্কোচনের পথে হাঁটতে চলেছে সংস্থাটি। সংখ্যাটি মাইক্রোসফ্টের মোট কর্মীসংখ্যার এক-চতুর্থাংশের বেশি। যোগ্য কর্মীদের আর্থিক সহায়তা-সহ চাকরি ছাড়ার ‘সুযোগ’ করে দিলেও খুব কম সংখ্যক কর্মীই এই প্রস্তাব গ্রহণ করবেন বলে ধারণা সংস্থার সিএফও অ্যামি হুডের। তাঁর মতে, যাঁদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে, তাঁদের বেশির ভাগই এতে সম্মত হবেন না।
আরও পড়ুন:
বিজ়নেস ইনসাইডারের একটি প্রতিবেদন অনুসারে, মাইক্রোসফ্টের সিএফও অ্যামি হুড মনে করছেন, সংস্থার অভ্যন্তরেই কর্মীদের উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে। সেই কারণে, খুব কম সংখ্যক কর্মীই এই প্রস্তাব গ্রহণ করবেন। মাইক্রোসফ্টের এক মুখপাত্রও প্রকাশনাটিকে জানিয়েছেন, সংস্থার প্রত্যাশা, ৬০ হাজার কর্মীর মধ্যে সর্বোচ্চ ৩,০০০ জন কর্মী এই চুক্তিতে সম্মতি জানাতে পারেন। একটি অভ্যন্তরীণ মেমোতে হুড কর্মীদের বার্তা দিয়েছেন, “আমি জানি, এই সপ্তাহে আমরা যে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব ঘোষণা করেছি, তার পিছনের যুক্তি নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। আমাদের উদ্দেশ্য হল, কর্মীরা যদি নিজেদের শর্তে সংস্থা ছেড়ে যেতে চান, তবে তাঁদের সেই স্বাধীনতা দেওয়া। আমরা আশা করি, মাইক্রোসফ্টে উন্নতির সুযোগ থাকার কারণে খুব কম সংখ্যক কর্মীই এই প্রস্তাবটি গ্রহণ করবেন।”
সোমবার, ২৬ অক্টোবর, মাইক্রোসফ্টের অভ্যন্তরীণ মেমোর মাধ্যমে স্বেচ্ছায় চাকরি ছাড়ার এই প্রস্তাব ঘোষণা করেন চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান। সংস্থা সূত্রে খবর, মাইক্রোসফ্টের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাবটি আমেরিকা, কানাডা, ভারত এবং ব্রিটেনের লেভেল ৭০ বা তার নীচের যোগ্য কর্মীদের জন্য প্রযোজ্য। সংস্থার আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, এই প্রস্তাব যাঁরা গ্রহণ করবেন, তাঁদের আর্থিক সহায়তার পাশাপাশি কর্মজীবন পরিকল্পনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন পরিষেবা দেওয়া হবে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এই সুবিধাগুলি সাধারণত চাকরিচ্যুতির ক্ষেত্রে দেওয়া ক্ষতিপূরণ ও অন্যান্য সুযোগ-সুবিধার সমান হবে।