কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিএ এবং বিএসসি-র চতুর্থ সেমেস্টারের পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের চতুর্থ সেমেস্টারের ফল আগামী ৫ নভেম্বর প্রকাশিত হবে। কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক (সিসিএফ) এবং চয়েস বেসড ক্রেডিট সিস্টেম (সিবিসিএস)— দু’টি পাঠ্যক্রমের পরীক্ষার্থীরাই ওই দিন ফল জানতে পারবেন বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ নভেম্বর দুপুর ২টো থেকে অনলাইনে ফল দেখা যাবে। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটগুলিতে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন। পরীক্ষার্থীরা www.indiaresults.com, www.cuexam.net, www.cuexamwindow.in— ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার্থীদের ১২ সংখ্যার রোল ও নম্বর লিখতে হবে। নম্বর লেখার সময় কোনও হাইফেন ব্যবহার করা যাবে না।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে কলেজগুলির জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। ফল প্রকাশের দিন সংশ্লিষ্ট কলেজের পোর্টালে সম্পূর্ণ গেজ়েটের সফ্ট কপি পাওয়া যাবে। অন্য দিকে, আগামী ১৭ নভেম্বর দুপুর ২টো ৩০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের ‘রেজ়াল্ট (মেজর) অ্যান্ড কম্পিউটার সেল-১’ বিভাগ থেকে নিবন্ধিত কলেজ প্রতিনিধিদের হাতে গেজেটের হার্ড কপি এবং মার্কশিট বা গ্রেড কার্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে।