আইসিএসই (দশম শ্রেণি) পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনতে চলেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্জ়ামিনেশনস (সিআইএসসিই)। আগামী ২০২৭ সাল থেকে সকাল ১১টার পরিবর্তে সকাল ১০টায় শুরু হবে সিআইএসসিই-র দশম শ্রেণির পরীক্ষা। সিআইএসসিই সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার সময় এক ঘণ্টা এগিয়ে আনার জন্য পরীক্ষাকেন্দ্রগুলিতে একাধিক পর্বে পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে সময়ের চাপ কিছুটা কমবে।
নতুন নিয়ম অনুযায়ী, সকাল ১০টায় পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দেওয়া হবে। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে। সকাল ১০টা ১৫ মিনিট থেকে উত্তর লেখা শুরু করতে পারবে পরীক্ষার্থীরা। দু’ঘণ্টার পরীক্ষা শেষ হবে দুপুর ১২টা ১৫ মিনিটে। তিন ঘণ্টার পরীক্ষা শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে।
এত দিন আইসিএসই পরীক্ষা শুরু হত সকাল ১১টায়। অন্য দিকে, আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষা শুরু হত দুপুর ২টোয়। তবে দু’টি পরীক্ষার সময়ের ব্যবধান নিয়ে দীর্ঘদিন ধরেই একাধিক স্কুলের প্রধান শিক্ষক ও কর্তৃপক্ষ অসুবিধার কথা জানিয়ে আসছিলেন। বিশেষ করে দশম শ্রেণির অঙ্ক বা হিন্দির মতো তিন ঘণ্টার পরীক্ষা দুপুর ২টোয় শেষ হলে পরের শিফটের জন্য পরীক্ষাকেন্দ্র প্রস্তুত করতে সমস্যা হত।
আরও পড়ুন:
কারণ, আইএসসি পরীক্ষার্থীদের দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হত। ফলে প্রথম শিফটের পরীক্ষার্থীদের কেন্দ্র থেকে বের করা, পরীক্ষার হল পরিষ্কার করা এবং পরের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সময় পাওয়া যেত না। আইসিএসই পরীক্ষা এক ঘণ্টা এগিয়ে আসায় এই সমস্যা অনেকটাই কমবে বলে আশা করছে বোর্ড। নতুন সময় অনুযায়ী, পরীক্ষার হল দুপুর ১২টা ১৫ মিনিট অথবা ১টা ১৫ মিনিটের মধ্যে খালি হয়ে যাবে। ফলে পরবর্তী শিফটের প্রস্তুতির জন্য স্কুলগুলি আরও কিছুটা সময় পাবে।
তবে পরীক্ষার সময় এগিয়ে আসায় প্রশ্নপত্র সংগ্রহের ক্ষেত্রেও স্কুলগুলিকে নতুন সময়সূচির সঙ্গে মানিয়ে নিতে হবে। কোন স্কুলের কাছাকাছি ব্যাঙ্ক, তার উপর নির্ভর করে প্রশ্নপত্র সংগ্রহের সময় ঠিক করা হয়েছে। সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে স্কুলগুলিকে প্রশ্নপত্র সংগ্রহ করতে হবে। নির্দিষ্ট সময়ে যাতে নিরাপদে প্রশ্নপত্র স্কুলে পৌঁছয়, তার জন্য ব্যাঙ্কগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হবে। এ ক্ষেত্রে স্কুলগুলিকে মুচলেকাও জমা দিতে হবে।