রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর মেয়াদ ফুরিয়েছিল ২০২৪-এর ৩০ নভেম্বর। তারপর থেকে কোনও স্থায়ী রেজিস্ট্রার নেই বিশ্ববিদ্যালয়ে। যদিও ঠিক এক বছর পর ২০২৫-এর নভেম্বরেই স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। কিন্তু সে সময়ও শেষ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে ওঠেনি। ফের এক বার ২০২৬-এ সেই নভেম্বরেই প্রকাশিত হল স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি, রেজিস্ট্রার পদের জন্য। প্রশ্ন উঠছে এ বার কি আদৌ বিশ্ববিদ্যালয় পাবে স্থায়ী রেজিস্ট্রার পদে কাউকে?
কথা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই এই প্রতিষ্ঠানে একাধিক স্থায়ী পদে আধিকারিক নেই বলেই বারংবার অভিযোগ উঠেছিল। যদিও পরবর্তী সময় স্থায়ী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করে প্রতিষ্ঠান। তবে শেষ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া হয়ে ওঠেনি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে ফের এক বার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে স্থায়ী পদে ফাইনান্স অফিসার এবং রেজিস্ট্রার নিয়োগ করা হবে। যে বিজ্ঞপ্তি ঠিক এক বছর আগে প্রকাশ করা হয়েছিল, সেই বিজ্ঞপ্তিই ফের প্রতিষ্ঠানের তরফে প্রকাশ করা হল।
ফাইনান্স অফিসার পদে আবেদনের জন্য কমার্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতার পাশাপাশি চার্টাড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। রেজিস্ট্রার পদে আবেদনের জন্য স্নাতকোত্তর যোগ্যতার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ১৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। যদিও বাকি প্রয়োজনীয় আরও যোগ্যতার কথা রয়েছে বিজ্ঞপ্তিতে। তবে, বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, গত বছর যে সব প্রার্থী আবেদন করেছেন তাঁদের আর নতুন করে আবেদন করতে হবে না। যাঁরা আবেদন করতে পারেননি, শুধুমাত্র তাঁদের জন্যই এই বিজ্ঞপ্তি। ২৫ নভেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি মাফিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন:
-
জ্যোতি বসু পড়তেন ধর্মতলা লোরেটোয়! ঠাকুরপুকুর শাখায় অষ্টম শ্রেণি, শিয়ালদহে একাদশ-দ্বাদশে ছেলেরাও পাবে পড়ার সুযোগ
-
ডিসেম্বরে সমাবর্তন আয়োজন নিয়ে উদ্বিগ্ন যাদবপুরের শিক্ষকেরা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিল জুটা
-
এ বার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে নির্দেশিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ, পরীক্ষাশেষেই পাঠাতে হবে প্রশ্নপত্র
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, বর্তমানে ওই দুই পদে ভারপ্রাপ্ত আধিকারিকেরা রয়েছেন। গত নভেম্বরে অনেকে এই পদে নিয়োগের জন্য আবেদনও করেন। কিন্তু কর্মসমিতির বৈঠক নিয়ে জলঘোলা হওয়ায় শেষ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর পরে অস্থায়ী ভাবে সেই দায়িত্ব সামলেছেন সেলিমবক্স মণ্ডল এবং অস্থায়ী ফাইনান্স অফিসার হিসাবে শিলাদিত্য চট্টোপাধ্যায়। যদিও গত সেপ্টেম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের অশান্তির জেরে নাকি শুরু হয়েছিল নতুন রেজিস্ট্রার ও ফাইনান্স অফিসার নিয়োগের তোড়জোড়। তার পরেই অস্থায়ী ভাবে রেজিস্ট্রার পদে যোগ দিয়েছিলেন দেবজিৎ দত্ত। অন্য দিকে, ফাইনান্স অফিসার পদে যোগ দিয়েছিলেন ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়।