Advertisement
E-Paper

ডিসেম্বরে সমাবর্তন আয়োজন নিয়ে উদ্বিগ্ন যাদবপুরের শিক্ষকেরা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিল জুটা

শিক্ষকেরা উদ্বেগ প্রকাশ করে জানান, সমাবর্তনের জন্য হাতে আর দু’মাসেরও কম সময় রয়েছে। ইতিমধ্যে নভেম্বর মাস শুরু হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ সংস্থাগুলিতে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই বিলম্ব ঘিরেই তাঁরা উদ্বিগ্ন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ২২:০৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, ২০২৬ আয়োজনের প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। দ্রুত সমাবর্তন আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের কাছে আর্জি জানালেন শিক্ষকেরা।

২ নভেম্বর উপাচার্যকে লেখা ওই চিঠিতে শিক্ষক সংগঠন জুটার তরফে জানানো হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী নির্দিষ্ট সময়ে (২৪ ডিসেম্বর) বার্ষিক সমাবর্তন আয়োজন করা হয়ে থাকে। এই অনুষ্ঠান আয়োজনের জন্য বেশ কিছু প্রস্তুতির প্রয়োজন। তার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ সংস্থাগুলির অনুমোদন, অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচন ও তাঁর সম্মতি আদায় এবং সাম্মানিক ডিগ্রির প্রাপকদের নাম চূড়ান্ত করা। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও বৈঠক হয়নি এবং লোকভবন বা বিকাশ ভবন থেকে কোনও বার্তাও আসেনি।

শিক্ষকেরা উদ্বেগ প্রকাশ করে জানান, সমাবর্তনের জন্য হাতে আর দু’মাসেরও কম সময় রয়েছে। ইতিমধ্যে নভেম্বর মাস শুরু হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ সংস্থাগুলিতে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই বিলম্ব ঘিরেই তাঁরা উদ্বিগ্ন।

সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, গবেষক এবং শিক্ষক-শিক্ষিকাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। প্রতি বছর এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব এবং সাফল্য উদ্‌যাপন করা হয়। তাই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মর্যাদা ও গৌরব অক্ষুণ্ণ রাখতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছে জুটা।

শিক্ষক সংগঠনের সভাপতি পার্থপ্রতিম রায় এবং সাধারণ সম্পাদক রাজ্যেশ্বর সিনহার লেখা ওই চিঠিতে উপাচার্যকে অনুরোধ করা হয়েছে, বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট বিধিবদ্ধ সংস্থাগুলির সামনে উপস্থাপন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নিতে হবে, যাতে নির্ধারিত সময়ে সমাবর্তন আয়োজন করা সম্ভব হয়। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, উপাচার্যের তরফ থেকেও আচার্যকে এবং উচ্চশিক্ষা দফতরে চিঠি দেওয়া হয়েছে।

Jadavpur University

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy