Advertisement
E-Paper

ইমরানের যত্ন নিন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আবার চিঠি গাওস্কর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ়‌ শরিফকে আবার চিঠি লিখলেন সুনীল গাওস্কর, কপিল দেব-সব ২১ জন প্রাক্তন ক্রিকেটার। তাঁদের দাবি, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর ‘মানবিক চিকিৎসা এবং যথাযথ যত্ন’ নেওয়া হোক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৬ ২২:৫৬
cricket

ইমরান খান। — ফাইল চিত্র।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ়‌ শরিফকে আবার চিঠি লিখলেন সুনীল গাওস্কর, কপিল দেব-সহ ২১ জন প্রাক্তন ক্রিকেটার। তাঁদের দাবি, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর ‘মানবিক চিকিৎসা এবং যথাযথ যত্ন’ নেওয়া হোক।

২৩ অগস্ট প্রাক্তন ক্রিকেটারদের চিঠি প্রকাশ্যে এসেছে। ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সম্প্রতি জেল থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। আবার জেলে ফেরানো হয়েছে। ইমরানের যাতে যথাযথ চিকিৎসা হয় তারই অনুরোধ করেছেন প্রাক্তন ক্রিকেটারেরা।

প্রাক্তন ক্রিকেটারেরা শরিফকে জানিয়েছেন, রাজনীতি নয়, ক্রিকেট মাঠে ইমরানের সঙ্গে তাঁদের বন্ধুত্বের ইতিহাসের কথা মাথায় রেখে এই চিঠি লিখছেন। চিঠিতে লেখা হয়েছে, “প্রিয় প্রধানমন্ত্রী, ছ’মাস আগে ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক আপনাকে এবং পাকিস্তান সরকারকে চিঠি লিখে ইমরান খানের যথাযথ চিকিৎসা এবং শারীরিক যত্ন নেওয়ার অনুরোধ জানিয়েছিল। রাজনীতিবিদ হিসাবে নয়, তখন প্রাক্তন সতীর্থ হিসাবেই আমরা চিঠি লিখেছিলাম। ক্রিকেট মাঠের বাইরেও আমাদের বন্ধুত্ব রয়েছে, যার কোনও সীমানা বা সমস্যা নেই যা দু’দেশকে ভাগ করতে পারে। সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে প্রাক্তন আরও কিছু অধিনায়ককে নিয়ে আমরা আবার চিঠি লিখছি।”

তাঁরা চিঠিতে আরও লিখেছেন, “পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ইমরান খানকে হাসপাতালে ভর্তি করার এবং একটি মেডিক্যাল বোর্ডকে দিয়ে পরীক্ষা করানোর যেখানে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং বোন উজ়মা খানও থাকবেন। আদালত আরও নির্দেশ দিয়েছিল সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের। আমরা স্বাগত জানিয়েছিলাম সেই সিদ্ধান্তকে। কিন্তু ইমরান মাত্র কয়েক ঘণ্টা হাসপাতালে ছিলেন। তাঁকে সরকার পরিচালিত চিকিৎসকেরা পরীক্ষা করেন। আদালতের নির্দেশ মানা হয়নি। চিকিৎসকের দল কাজ সম্পূর্ণ করার আগেই ইমরানকে ‘শারীরিক ভাবে সুস্থ’ বলে দিয়ে আদিয়ালা জেলে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের দেওয়া নির্দেশ যে মানা হয়নি সে কথা বলেছেন বোন উজ়মাই।”

প্রাক্তন অধিনায়কেরা তিনটি দাবি করেছেন। প্রথমত, সুপ্রিম কোর্ট যে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল তাদের দ্বারা স্বাধীন ভাবে ইমরানের স্বাস্থ্যপরীক্ষা। দ্বিতীয়ত, আদালতের নির্দেশ মেনে পরিবারের সাপ্তাহিক সাক্ষাৎ সুনিশ্চিত করা। তৃতীয়ত, অবিলম্বে মেডিক্যাল বোর্ডের পরামর্শ মেনে ইমরানের চিকিৎসা সুনিশ্চিত করা।

চিঠিতে সই করেছেন ইংল্যান্ডের মাইক আথারটন, মাইক ব্রিয়ারলি, অ্যালিস্টার কুক, ডেভিড গাওয়ার, নাসের হুসেন, অ্যান্ড্রু স্ট্রস। অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার, গ্রেগ ও ইয়ান চ্যাপেল, কিম হিউজ এবং স্টিভ ওয়। ভারতের কপিল দেব, সুনীল গাওস্কর এবং দিলীপ বেঙ্গসরকর। ওয়েস্ট ইন্ডিজ়ের ক্লাইভ লয়েড। শ্রীলঙ্কার অর্জুন রণতুঙ্গা, নিউ জ়িল্যান্ডের জন রাইট। আরও কয়েক জন তালিকায় রয়েছেন।

Imran Khan Sunil Gavaskar Kapil Dev

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy