ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পর অবশেষে বিমানে উঠেছিলেন যাত্রীরা। নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকাও ঘোষণা করা হয়েছিল বিমানটিতে। কিন্তু যাত্রা শুরু করার ঠিক আগে জানানো হয়, বিমানটি উড়বে না। বিমান থেকে নেমে আসতে বাধ্য হন যাত্রীরা। গত ১ নভেম্বর স্পাইসজেটের গোরক্ষপুর থেকে মুম্বইগামী ওই বিমান বাতিল হওয়ার পর টারম্যাকেই শুয়ে থাকতে বাধ্য হন যাত্রীরা। এমনই চরম ভোগান্তির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী বিজয়লক্ষ্মী মাল্য। ভিডিয়োটি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
বিমানবন্দর থেকে একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি বলেন, “আমি জীবনে কখনও ভাবিনি যে বিমানের নীচে এ ভাবে শুয়ে থাকতে হবে।” এর পর তিনি ক্যামেরা ঘুরিয়ে টারম্যাকে অপেক্ষারত অন্য যাত্রীদের অবস্থা দেখাতে থাকেন। সেখানে দেখা যায় কেউ কেউ বিমানবন্দরে বসে অপেক্ষা করছেন, আবার অনেকে স্পাইসজেট কর্তৃপক্ষের কাছে সমস্যার সমাধানের আশায় দাঁড়িয়ে ছিলেন। বিমান সংস্থার তরফে পরিস্থিতি স্বাভাবিক করার কথা বলে যাত্রীদের দীর্ঘ ক্ষণ অপেক্ষা করানো হয় বলে অভিযোগ।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুসারে এই চরম বিশৃঙ্খলার ঘটনাটি ঘটেছে স্পাইসজেটের এসজি ৫৫৩ বিমানকে কেন্দ্র করে। সারা দিনে একাধিক বার বিমানটির উড়ানের সময় পিছিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত যাত্রীদের বিমানে ওঠার অনুমতি দেওয়া হলেও তাঁদের দুর্ভোগের কমতি ছিল না। বিজয়লক্ষ্মী ভিডিয়োয় অভিযোগ করেছেন, উড়ানের কথা ঘোষণা করার পরও চালক ও কর্মীরা বিমান ছেড়ে চলে যান। যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়ার আগে কেন তাদের বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়েছিল সে বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিমানসংস্থার তরফে দাবি করা হয়েছে, রাত ৮টা বেজে যাওয়ায় উড়ান বাতিল করা হয়েছে। সেই বক্তব্য মানতে নারাজ বিজয়লক্ষ্মী। তাঁর দাবি, তিনি গোরক্ষপুরের বাসিন্দা এবং বেশ কয়েক বার শহর থেকে গভীর রাতের বিমানে যাতায়াত করেছেন।
আরও পড়ুন:
ঘটনাটির ভিডিয়ো ভাইরাল হতেই নেটাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের তৈরি হয়েছে। অনেকেই স্পাইসজেটের পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বিমান সংস্থাটির পরিষেবার ধারাবাহিক অবনতি ঘটছে। বার বার ফ্লাইট বিলম্ব ও বাতিলের কারণে যাত্রীদের দুর্ভোগ ক্রমশ বাড়ছে বলেও মন্তব্য করেছেন অনেকে।