সরকারি বাসে রাজকীয় আরাম! তাও আবার ভারতে। দক্ষিণের রাজ্যের একটি প্রিমিয়াম বাস পরিষেবা চালু হতেই তা আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাসের অন্দরসজ্জা হার মানিয়ে দিতে পারে বিমানকেও। নরম গদিতে মোড়া আসন, আসনের সঙ্গে লাগানো স্ক্রিন, অত্যাধুনিক মানের শৌচাগার, এ সব পরিষেবা মিলবে সরকারি বাসে! কেরলম সরকারের সদ্য চালু করা প্রিমিয়াম বাসের একটি ভিডিয়ো ট্যুরের ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। সরকারি বাসের ঝলক দেখে তাজ্জব নেটাগরিকেরা। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গণপরিবহণটিতে বিমানের মতো সুযোগ-সুবিধা রয়েছে। আরামদায়ক আসন ও শৌচাগারের সুবিধা ছাড়াও যাত্রীদের হালকা খাবার ও পানীয় দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে তাতে। রয়েছে বিনামূল্যে ওয়াই-ফাইয়ের সুবিধাও। ভ্লগার অজয় জোহনি নামের এক ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় ধরা পড়েছে বাসের ভিতরের চেহারা। বাসটিতে আরামদায়ক আসন ও প্রত্যেক যাত্রীর জন্য আলাদা স্ক্রিন রয়েছে। রয়েছে চার্জিং পোর্টের সুবিধাও। ফলে যাত্রীরা সফরকালে ইন্টারনেট ব্যবহার করতে এবং মোবাইল, অন্যান্য ডিভাইস চার্জ দিতে পারবেন।
ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানের মতো বাসেও রয়েছেন সুবেশা তরুণী কর্মী। যাত্রীদের সাহায্য করা এবং হালকা খাবার, পানীয় পরিবেশন করাই তাঁর কাজ। বাসে যাত্রার অভিজ্ঞতাটি অনেকটা বিমানে ভ্রমণের মতো করে তোলাই সরকারের উদ্দেশ্য। বাসটির আরও একটি বিষয় নজর কেড়েছে, সেটি হল এর শৌচাগার। শৌচাগারটি পরিষ্কার ও সুন্দর ভাবে সাজানো। দীর্ঘযাত্রার জন্য এই সুবিধা ভ্রমণকে আরও আরামদায়ক করে তুলবে বলে আশা সরকারের। তিরুঅনন্তপুরম থেকে কোচির মধ্যে যাতায়াত করবে বাসটি। যাত্রীদের বিমানের মতো পরিষেবা দেওয়া বাসটি চালাবে কেরলম স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (কেএসআরটিসি)। যাত্রীদের সড়কপথে বিমানের মতো ভ্রমণের অভিজ্ঞতা দেওয়াই এর লক্ষ্য।