উপহার পেতে কে না ভালবাসে! বিশেষ করে সেই উপহার যদি এমন কিছু হয়, যা নিজের পকেটের খরচে কেনা কার্যত দুঃসাধ্য, তা হলে তো সোনায় সোহাগা। আসন্ন দীপাবলি উপলক্ষে তার কর্মীদের হাতে এমনই মহার্ঘ উপহার তুলে দিল একটি সংস্থা। যা পেয়ে খুশিতে ফেটে পড়লেন কর্মীরাও। রোজকার মতো সে দিনও সকালে অফিসে পৌঁছোন তাঁরা। নিজের নিজের ডেস্কে পৌঁছোতেই দেখতে পান, সুদৃশ্য ফিতের বন্ধনে রাখা রয়েছে এক একটি নতুন স্মার্টফোন – তাঁদের দীপাবলির উপহার! এই দৃশ্য দেখেও যেন নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না সংস্থার কর্মীরা। তাঁদের সেই বিস্ময়ভরা, আবেগঘন অভিব্যক্তিই ধরা পড়েছে একটি ভিডিয়োয়। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভি়ডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আসলে কর্মীদের এ ভাবেই চমকে দিতে বিশেষ বন্দোবস্ত করেছিল দিল্লির ওই সংস্থা। উৎসবের উপহার হিসেবে সংস্থার কর্মীদের হাতে তারা তুলে দিয়েছে আইফোন ১৬। এই রাজকীয় উপহারের ভিডিয়ো ইতিমধ্যেই নেটমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সংস্থাটি তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীপাবলি উদ্যাপনের একটি ভিডিয়ো শেয়ার করেছে। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কর্মীদের প্রত্যেকের ডেস্কে একটি করে আইফোন ১৬ রাখা রয়েছে। প্রতিটি ফোনই বাক্স-সমেত সুন্দর করে ফিতে দিয়ে বাঁধা। কর্মচারীদের ডেস্কের উপর কম্পিউটারের সামনে সাদা, সবুজ, নীল ও কালো রঙের আইফোনগুলি রাখা রয়েছে।
উপহার ‘আবিষ্কারের’ পর প্রাথমিক মুগ্ধতা কাটিয়ে উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মীরা। সাধারণত এই উৎসবে বিভিন্ন সংস্থা তাদের কর্মীদের মিষ্টি, শুকনো ফলের ঝুড়ি কিংবা দৈনন্দিন ব্যবহারের নানা জিনিস উপহার দিয়ে থাকে। সেই প্রেক্ষাপটে কর্মীদের হাতে দামি স্মার্টফোন তুলে দেওয়ার এই উদ্যোগ অনেকেরই নজর কেড়েছে। ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “কোনও প্রতিযোগিতা নেই। আপনি কী উপহার পেলেন?” বহু নেটাগরিকই সংস্থার এই উদারতার প্রশংসা করেছেন। ইতিবাচক মন্তব্যে ভরে উঠেছে পোস্টটির মন্তব্য বিভাগ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমাকে সংস্থার ঠিকানা জানান। আমি যোগদান করতে চাই।’’ অন্য এক নেটাগরিক লিখেছেন, এই উৎসবের আবহে তিনি তাঁর সংস্থার তরফ থেকে এক বাক্স মিষ্টিও পাননি।