Advertisement
E-Paper

চিতাবাঘের সামনে বুক চিতিয়ে দাঁড়াল পোষ্য, ধমকানি খেয়ে লেজ গুটিয়ে পিছু হটল বন্য শ্বাপদ! ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, চিতাবাঘটি খামারবাড়ির দরজা খোলা পেয়ে ঢুকে পড়ে। হিংস্র প্রাণীটি ভাবতেই পারেনি, সেখানে পাহারা দিচ্ছে এক অতন্দ্র প্রহরী!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১৮:১০

ছবি: এআই সহায়তায় তৈরি।

‘ফাঁকা’ খামারবাড়ি দেখে রাতে গুঁড়ি মেরে ঢুকে পড়েছিল বন্যপ্রাণী। টের পায়নি, সেই সময় ওই চত্বর জনমানবশূন্য বলে মনে হলেও, সেখানেই পাহারায় রয়েছে এক দুর্দান্ত প্রহরী। খামারবাড়ির উঠোনে পা দিতেই প্রবল বাধা পেল বডসড় চিতাবাঘটি। হাঁকডাক জুড়ে তাকে কোনঠাসা করে দিল একটি ল্যাব্রাডর প্রজাতির কুকুর। উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার একটি খামারবাড়ির সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চিতাবাঘটি খামারবাড়ির দরজা খোলা পেয়ে ঢুকে পড়ে। হিংস্র প্রাণীটি ভাবতেই পারেনি, সেখানে পাহারা দিচ্ছে অতন্দ্র এক পাহারাদার। বলশালী শত্রুকে দেখেও পিছু হটতে নারাজ হয় পোষা ল্যাব্রাডরটি। চিতাবাঘটিকে লক্ষ করে একটানা উচ্চস্বরে ঘেউ ঘেউ করতে থাকে সে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বেলরায়ান রেঞ্জের অন্তর্গত মঞ্ঝরা পুরব গ্রামের একটি খামারবাড়িতে ভোর ৪টে নাগাদ এই ঘটনাটি ঘটে। বাড়ির মালিক গুরমিত সিংহ ঘুমিয়ে ছিলেন। এমন সময় তাঁর ল্যাব্রাডর কুকুরটির বিকট চিৎকারে তাঁর ঘুম ভেঙে যায়। কী কারণে তাঁর পোষ্যটি এমন আচরণ করছে, তা জানতে গুরমিত জানালা দিয়ে বাইরে তাকান। উঠোনের দিকে একটি চিতাবাঘকে এগিয়ে আসতে দেখেন তিনি।

ভিডিয়োয় ধরা পড়েছে, চিতাবাঘটি সামনে আসতেই নির্ভীক ভাবে তার মুখোমুখি হয় পোষা কুকুরটি। নিজের জায়গায় দাঁড়িয়ে একটানা জোরে ঘেউ ঘেউ করতে থাকে সে। কুকুরটির তীব্র প্রতিরোধের কারণে ‘অনুপ্রবেশকারী’ আর এগোতে পারেনি। তবে, চিতাবাঘটি কুকুরটিকে আক্রমণ করারও চেষ্টা করেনি। বদলে সে খামারবাড়ি থেকে বেরিয়ে এলাকা ছেড়েই চলে যায়।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘মঞ্চ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখার পর, অনেকেই মনে করছেন, চিতাবাঘ সাধারণত পোষা কুকুরকে শিকার হিসেবে বিবেচনা করে। তাই, একটি ল্যাব্রাডরের এ ভাবে বন্য চিতাবাঘের মুখোমুখি হওয়া এবং ‘অসম লড়াইয়ে আন্ডারডগ’ হয়েও জিতে যাওয়া বেশ বিরল ঘটনা বলেই মনে করছেন নেটাগরিকেরা।

Leopard attack Lakhimpur Kheri animal video

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy