কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে যোগ দিতে অ্যান্টিগুয়া এবং বারবুডায় রয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা। ৪৫তম স্বাধীনতা দিবস উদ্যাপনে অংশ নিয়েছিলেন তাঁরা। খবর, স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত চলাকালীন আচমকা মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই চার্লসকে ফেলে রেখে ছাতা মাথায় হাঁটা দেন ক্যামিলা। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি খোলা ময়দানে দাঁড়িয়ে রয়েছেন ব্রিটেনের রাজা এবং রানি। তাঁদের ঘিরে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। রাজার পরনে ঘিয়েরঙা স্যুট-টাই। ক্যামিলা পরে রয়েছেন সাদা পোশাক, হাতে বাহারি ব্যাগ। হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়।
আরও পড়ুন:
ভিডিয়োর পরের অংশে দেখা গিয়েছে, রানিকে একটি ছাতা এনে দেওয়া হয়। সেটি মাথায় দিয়ে হাঁটতে শুরু করে দেন ক্যামিলা। পাশে পাশে হাঁটতে শুরু করেন নিরাপত্তার কাজে যুক্ত এক তরুণী। স্বামীর দিকে ভ্রুক্ষেপও করতে দেখা যায়নি রানিকে। কাণ্ড দেখে একেবারে যেন হতভম্ভ হয়ে যান ৭৭ বছরের রাজা। হাত নেড়ে কিছু বলতে দেখা যায় তাঁকে। বেশ রেগেও উঠেছিলেন বলে মনে হয়েছে। তবে, তিনি কী বলছিলেন তা অবশ্য জানা যায়নি।
আরও পড়ুন:
খবর, শেষমেশ একটি ছাতা পেয়েছিলেন চার্লস। ঘটনাপ্রসঙ্গে রসিকতাও করেন তিনি, এমনটাই জানা গিয়েছে। অ্যান্টিগুয়া এবং বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনকে মজার ছলে জানান, তাঁর স্যুটে এ বার জলজ শাক গজিয়ে যাবে। ‘এমিলিনাসহ্যালো’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
কয়েক কোটি বার দেখা হয়েছে ভিডিয়োটি। সেটি দেখে হেসে গড়াগড়ি খেয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। নানা রসিকতা চলেছে নেটপাড়া জুড়ে। এক জন ঠাট্টার ছলে লিখেছেন, “রাজা হন বা প্রজা, স্ত্রীর কাছে কোনও পুরুষই তেমন গুরুত্ব পান না।”