দশেরা উপলক্ষে শোভাযাত্রায় বেরোনো একটি হাতে আচমকাই উন্মত্ত হয়ে ওঠে। তার পিঠে ছিল ৬৫০ কেজি ওজনের রুপোর হাওদা। সেই হাওদায় বসানো ছিল দেবী চামুণ্ডেশ্বরীর প্রতিমা। সেটি পিঠে নিয়েই রাস্তায় ছুটোছুটি শুরু করে দেয় গজরাজ। এর ফলে রাস্তায় চরম বিশৃঙ্খলা শুরু হয়। সংবাদ প্রতিবেদন অনুসারে, ঘটনাটি কর্নাটকের শিবমোগ্গায় ঘটে।
আরও পড়ুন:
খবর, স্থানীয় ভাষায় এই শোভাযাত্রাটি ‘জম্বো সভারী’ নামে পরিচিত। যে হাতিটি অমন বিশৃঙ্খলা সৃষ্টি করে তার নাম সোমান্না। কোটে আঞ্জনেয়স্বামী মন্দির থেকে যাত্রা শুরু করে সেটি। ৫০০ মিটার মতো পথ এগিয়ে আচমকা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়োতে শুরু করে সেটি। এর ফলে সেটির পিঠের হাওদা পড়ে যায়। কয়েকটি গাড়িকে ধাক্কাও দেয় হাতিটি। সঙ্গে সঙ্গে সোমান্নাকে নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়ে ওঠেন তার মাহুত, স্থানীয় পুরসভার কর্মীরা এবং পুলিশকর্মীরা। ঘটনা জানামাত্র সেখানে উপস্থিত হন শিবমোগ্গার পুলিশ সুপার এবং বনবিভাগের কর্মকর্তা। এর পর পশুরোগ চিকিৎসকেরা সেটিকে সামলানোর জন্য চেতনানাশক ওযুধ দেন।
আরও পড়ুন:
জানা গিয়েছে, বিগত ছ’বছর ধরে এই কাজের দায়িত্ব পালন করে চলেছে সাগর নামে একটি হাতি। এই বছরই দায়িত্ব পড়েছিল সোমান্নার কাঁধে। বনবিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, মহড়ার সময় সোমান্না খুব সুষ্ঠু ভাবেই কাজটি করেছিল। বিপুল জনসমাগম দেখে হয়তো ভয় পেয়ে গিয়ে ছুটোছুটি শুরু করেছিল। বর্তমানে সেটি একেবারে সুস্থ আছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, সৌভাগ্যক্রমে ঘটনার জেরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে, কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতি ছাড়াই নির্ধারিত শোভাযাত্রা চলবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশের তরফে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কর্ণাটকের বনমন্ত্রী রামলিঙ্গ রেড্ডী বন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে, আগামী বছর থেকে জাম্বু সাভারিতে অংশগ্রহণকারী হাতিদের যেন কমপক্ষে ২০ দিন থেকে এক মাস প্রশিক্ষণ দেওয়া হয়।
আরও পড়ুন:
‘সংকশিপথা.নিউজ়’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ঘটনাটির একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সেখানে দেখা গিয়েছে, সোমান্নার তাণ্ডবলীলা। ভিডিয়োটি দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। কত মানুষের প্রাণ যেতে পারত ভেবে আতঙ্কিত হয়েছেন অনেকেই। পাশাপাশি, হাতিটিকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে সকলে যে তৎপরতা দেখিয়েছেন তার প্রশংসাও হয়েছে নেটপাড়া জুড়ে।