ট্রেনে সফর নিয়ে ভারতীয়দের অভিযোগের শেষ নেই। এ বার সেই দলে ভিড়লেন বিদেশিরাও। বিদেশ থেকে এক তরুণী এবং দুই তরুণ মিলে এ দেশে বেড়াতে এসেছেন। গোয়ার কোঙ্কন উপকূলে যাওয়ার জন্য তাঁরা দ্বিতীয় শ্রেণির বাতানুকূল কামরার টিকিট কাটেন। টিকিট কাটা থেকেই শুরু হয়ে যায় তাঁদের ‘সংগ্রাম’। সেই অভিজ্ঞতাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিদেশিনি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। তরুণী কোন স্টেশন থেকে কোন ট্রেনে উঠেছিলেন তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্টেশন চত্বরে ভিড়। তরুণী তাঁর দুই বন্ধুর সঙ্গে প্ল্যাটফর্মে বসে রয়েছেন। তরুণী জানালেন যে, তিনি ভেবেছিলেন টিকিট কাটলেই তাঁদের ভারতীয় রেলযাত্রা নিশ্চিত হয়ে যাবে। কিন্তু তেমনটা হয়নি। উল্টে ওয়েটিং লিস্টে ঠাঁই হয় তাঁদের। বহু প্রতীক্ষার পর তাঁদের আসন নিশ্চিত হয় বলে জানান তিনি।
আরও পড়ুন:
টিকিটের সমস্যা মিটলেও দ্বিতীয় শ্রেণির বাতানুকূল কামরায় যাত্রা করেও যে তরুণী এবং তাঁর বন্ধুরা বিশেষ খুশি তা নন। ট্রেন প্রায় ৪০ মিনিট দেরিতে প্ল্যাটফর্মে পৌঁছোয়। লোকজনের ভিড়ে ট্রেনে উঠে আসন খুঁজে পেতে সমস্যা হওয়ার কথা জানান তিনি। কিন্তু তার পর আর বিশেষ সমস্যা হয়নি। বন্ধুদের সঙ্গে তাস খেলে, গল্প করে রেলযাত্রার বেশির ভাগ সময় কাটিয়ে দেন তরুণী। কিন্তু তরুণীর সঙ্গে থাকা বন্ধুর শৌচালয়ের গন্ধে সমস্যা হয়। যদিও সেই গন্ধের সঙ্গে মানিয়ে নেন তাঁরা। ট্রেনে সকলের ভাল ঘুম হয়েছে বলেও জানান তরুণী। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘এমাক্সহোল্ম’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। ইতিমধ্যে এক লক্ষ ৪০ হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। অধিকাংশ ভারতীয় নেটাগরিকেরা তরুণী এবং তাঁর বন্ধুদের বন্দে ভারতে সফর করার পরামর্শ দিয়েছেন।