আনন্দের উৎসবে ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড। উত্তরপ্রদেশের বুলন্দশহরের একটি রামলীলা ময়দানে রাবণদহন উপলক্ষে বহু মানুষের সমাগম হয়েছিল। আচমকাই রাবণের কুশপুতুলটির শরীর থেকে জ্বলন্ত কিছু অংশের লোকজনের জমায়েতের দিকে যেতে শুরু করে। ঘটনায় দিশাহারা হয়ে পড়েন সেখানে উপস্থিত সকলে। ছুটতে শুরু করেন তাঁরা। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে ধরা পড়েছে একটি বিরাট মাঠ। সেখানে জড়ো হয়েছেন অগণিত মানুষজন। দশেরা উপলক্ষে রাবণদহন দেখতে এসেছেন তাঁরা। ভিডিয়োর শুরুতে দেখা যায় রাবণের পায়ের দিকের অংশে আগুন ধরানো হল। এক জন একটি জ্বলন্ত তিরও ছুড়লেন কুশপুতুলটিতে। ধীরে ধীরে পুতুলটি জ্বলতে শুরু করে।
আরও পড়ুন:
তার পর যা ঘটে সে জন্য হয়তো কেউই প্রস্তুত ছিলেন না। পাল্টা রকেট ছুড়তে শুরু করলেন দশানন। যেন ‘প্রতিশোধ’ নিতে শুরু করলেন তিনি। ব্যাপার দেখে ঊর্ধ্বশ্বাসে দৌড়োতে শুরু করেন লোকজন। সংবাদ প্রতিবেদন অনুসারে, বুলন্দশহরের নুমায়েশ ময়দান বা নিকটবর্তী কোনও রামলীলা ময়দানে ঘটনাটি ঘটে। তবে, কেউই এই ঘটনায় আহত হননি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
‘বর্ষাসিংহ২৬’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ঘটনাটির একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
কয়েক হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি। নানা রকম মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। এক জন মজার ছলে লিখেছেন, “প্রতিশোধের আগুনে জ্বলছেন লঙ্কাধিপতি। এ বার তিনি কাউকে ছাড়বেন না।”