‘শোলে’ ছবিটি হয়তো কমবেশি প্রায় সকলেই দেখেছেন। সেখানে বীরুর চরিত্রে অভিনয় করে সকলের প্রশংসা কুড়োন প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। ছবিটির এক জায়গায় প্রেমিকা বাসন্তীর মাসির মন জয় করার জন্য জলের ট্যাঙ্কের মাথায় চড়ে বসে বীরু। বাস্তবে প্রায় তেমনই কাণ্ড ঘটালেন এক তরুণ।
সংবাদ প্রতিবেদন অনুসারে, গভীর রাতে একটি আকাশচুম্বী মোবাইলে টাওয়ারের উপর উঠে পড়েন তরুণ। তবে বীরুর মতো প্রেয়সীর মাসি বা কোনও অভিভাবক নয়, অভিমান দূর করতে চেয়েছেন প্রেমিকারই। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যায়, টাওয়ারে উঠে তরুণ দাবি জানাতে থাকেন, তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করিয়ে দিতে হবে। রাগ করে কথা বন্ধ করে দিয়েছেন প্রেমিকা। জানা গিয়েছে, ওই তরুণের নাম শৈলেন্দ্র যাদব। তিনি উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার বাসিন্দা।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ঘটনা জানামাত্র স্থানীয় থানার পুলিশকর্মীরা তরুণকে উদ্ধারের জন্য সেখানে পৌঁছোন। টাওয়ার থেকে ঝাঁপ দেওয়ার হুমকিও দিতে থাকে। খবর, তরুণের কাণ্ড দেখতে লোকজন জড়ো হয়ে যান সেখানে। সকলেই তাঁকে নেমে আসার জন্য অনুরোধ করতে থাকেন। ঘণ্টা কয়েক ধরে বোঝানোর পরেও তরুণ টাওয়ার থেকে নেমে আসতে নারাজ ছিলেন। বাধ্য হয়ে তাঁর প্রেমিকাকে খবর দেওয়া হয়। তরুণী বোঝানোর পর অবশেষে মাটিতে পদার্পণ করেন তরুণ। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন:
‘ভয়েস_অফ_এনসিআর’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
বিষয়টি দেখে হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। ওই তরুণের কাজকর্মকে পাগলামির নামান্তর বলে মনে করেছেন অনেকেই।