Advertisement
E-Paper

বয়স তো সংখ্যামাত্র! দেড় ঘণ্টা ধরে মঞ্চ মাতালেন ৭৮ বছরের হেমা, রইল ‘ড্রিমগার্লের’ নাচের ভিডিয়ো

প্রায় দেড় ঘণ্টা ধরে দর্শককে মুগ্ধ করে রাখলেন বর্ষীয়ান অভিনেত্রী এবং সাংসদ হেমা মালিনী। মথুরায় চলতি বছরের ‘ব্রজরাজ উৎসব’ শুরু হল তাঁর পারফরম্যান্সের মাধ্যমে। ‘গঙ্গা’ নৃত্যনাট্যে অভিনয় করেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১৭:১৯
MP and actress Hema Malini performs Ganga dance drama at Mathura’s Braj Raj Utsav, video went viral

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গত শুক্রবার মথুরায় চলতি বছরের ‘ব্রজরাজ উৎসব’ শুরু হল। বর্ষীয়ান অভিনেত্রী এবং সাংসদ হেমা মালিনী অভিনীত ‘গঙ্গা’ নৃত্যনাট্যের মাধ্যমে হল এই শুভ সূচনা। মা গঙ্গার চরিত্রেই অভিনয় করেছেন হেমা। সংবাদ প্রতিবেদন অনুসারে, প্রায় দেড় ঘণ্টা ধরে মঞ্চে পারফর্ম করেন ৭৮ বছরের ‘ড্রিমগার্ল’।

পুরাণের কাহিনি অনুযায়ী, পূর্বপুরুষদের মুক্তির জন্য গঙ্গাকে মর্ত্যে আহ্বান জানান রাজা ভগীরথ। শিবের জটায় অবতরণ করে ছোট ছোট ধারায় বিভক্ত হয়ে পৃথিবীতে আসেন মা গঙ্গা। পুরাণবর্ণিত সেই কাহিনি থেকে শুরু করে গঙ্গা নদীর বর্তমান অবস্থা পর্যন্ত কাহিনি ওই নৃত্যনাট্যের মাধ্যমে তুলে ধরা হয়েছিল বলে জানা গিয়েছে।

সংবাদংমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, গঙ্গাদূষণ সম্পর্কে সতর্ক করাই ওই নৃত্যনাট্যটি পরিবেশনের উদ্দেশ্য ছিল। গঙ্গার পাশাপাশি যমুনা নদীর কাহিনিও স্বল্প পরিসরে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

‘এফএমনিউজ়লাইভ’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে অনুষ্ঠানটির একাধিক ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সেগুলিতে দেখা গিয়েছে, উজ্জ্বল সাদা লেহঙ্গা-চোলি পরিহিতা হেমাকে। সঙ্গে মানানসই গহনা। মাথায় কারুকার্য করা বড় একটি মুকুট। হেমা এবং তাঁর সহশিল্পীদের অপরূপ নৃত্য এবং অভিনয়শৈলী ফুটে উঠেছে ভিডিয়োগুলিতে।

ভিডিয়োগুলি দেখে প্রশংসার ঝড় বয়েছে সমাজমাধ্যম জুড়ে। বর্ষীয়ান অভিনেত্রীর অভিব্যক্তি, নৃত্যশৈলী দেখে মুগ্ধ হয়েছেন নেটাগরিকেরা। পাশাপাশি, তাঁর সহশিল্পীরাও প্রশংসিত হয়েছেন। তবে কারও কারও আবার গোটা বিষয়টিকে ‘হাস্যকর’ বলে মনে হয়েছে। সাংসদ-অভিনেত্রীর সাজপোশাক, নাচের ভঙ্গি দেখে কটাক্ষ করেছেন তাঁরা।

Viral Video Mathura

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy