‘শোলে’ ছবিটি হয়তো কমবেশি প্রায় সকলেই দেখেছেন। সেখানে বীরুর চরিত্রে অভিনয় করে সকলের প্রশংসা কুড়োন প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। ছবিটির এক জায়গায় প্রেমিকা বাসন্তীর মাসির মন জয় করার জন্য জলের ট্যাঙ্কে চড়ে বসেন বীরু! বাস্তবে প্রায় তেমনই কাণ্ড ঘটালেন এক তরুণ। তবে, প্রেমিকার মাসি বা কোনও আত্মীয়, না কি খোদ পছন্দের তরুণীরই মন জয় করতে এই পদক্ষেপ করেন তিনি, সে বিষয়ে কিছু জানা যায়নি।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে, ঘটনাটি পুণের পিম্পরী-চিঞ্চবাডের। এক তরুণীকে বিয়ে করার অদম্য ইচ্ছা নিয়ে মোবাইল টাওয়ারে উঠে পড়েন তরুণ। রবিবার বিকেল ৪টের আশপাশে ঘটনাটি ঘটে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তরুণকে উদ্ধার করা হয়। বহু চেষ্টার পর তাঁকে নীচে নামিয়ে আনেন দমকলকর্মীরা।
আরও পড়ুন:
খবর, মোবাইল টাওয়ারটির বেশ উঁচুতে উঠে পড়েন ওই তরুণ। মামুর্ডীর গাহুঞ্জে রোড এলাকার বাসিন্দাদের চোখে পড়ে ঘটনাটি। দেখে হইচই পড়ে যায় সকলের মধ্যে। সঙ্গে সঙ্গে দমকল বিভাগে খবর পাঠান তাঁরা। তার পরই উদ্ধারকার্য শুরু হয়। তরুণীকে বিয়ে করা সংক্রান্ত ঠিক কী ধরনের দাবি ছিল ওই তরুণের বা তরুণী বিয়েতে অরাজি ছিলেন কি না, সে সব কিছুই স্পষ্ট করে জানা যায়নি।
আরও পড়ুন:
‘পুণেপাল্স’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
হাজার হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি। সেটি দেখে হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে। তরুণের কাণ্ড দেখে তাঁর নিরাপত্তা নিয়েও চিন্তিত হয়েছেন অনেকে। এর ফলে, তরুণ প্রাণ হারাতেও পারতেন, এমন আশঙ্কাও প্রকাশ করেছেন কেউ কেউ।