লোকাল ট্রেনে যাতায়াত করা সহজ বিষয় নয়। যাঁদের সেই অভিজ্ঞতা নেই, তাঁরা লোকাল ট্রেনে চলাফেরা করতে খাবি খান। ব্যস্ত সময়ে লোকাল ট্রেনে বসার জায়গা পাওয়া তো দূর, দাঁড়ানোর জায়গা পাওয়াও দুষ্কর হয়ে পড়ে। সেই চিত্রই দেখা গেল বিহারের এক ট্রেনে। কেবল দরজা নয়, জানলাতেও ঝুলে রয়েছেন যাত্রীরা। সে ভাবেই এগিয়ে যাচ্ছে ট্রেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে বিহারের পটনা স্টেশনে। বিহারের মানুষদের রেলের প্রতি অভিযোগের শেষ নেই। বিশেষ দিনে বা কোনও সরকারি পরীক্ষা থাকলে সেখানে নাকি হামেশাই এমনটা হতে দেখা যায় বলে মত বিহারবাসীদের। সংবাদমাধ্যমের প্রতিবেদনে তেমনটাই জানানো হয়েছে। ভাইরাল এই ভিডিয়ো নজর কেড়েছে ভারতীয় রেলের। তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। নিজেদের এক্স হ্যান্ডল থেকে পোস্টও করেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্টেশনে ঢুকছে ট্রেন। তাতে যাত্রীদের ভিড় দেখে চোখ কপালে উঠলে স্টেশনে থাকা মানুষদের। ট্রেনটির হেন কোনও জায়গা নেই যেখানে যাত্রীদের দেখা যাচ্ছে না। ট্রেনের দরজা থেকে শুরু করে জানলা, দুটো বগির মাঝের সংযোগস্থল প্রভৃতি সব স্থানেই মানুষের ভিড়। এমনকি ট্রেনের বন্ধ দরজাতেও অভিনব কায়দায় দাঁড়িয়ে রয়েছেন তরুণেরা। অনেককে ট্রেনের কামরার নীচে থাকা যন্ত্রাংশের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতেও দেখা গেল। প্রাণের পরোয়া না করেই এ ভাবেই ট্রেনে সফর করছেন বিহারবাসীরা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘নালন্দা_ইনডেক্স’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ৫৪ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা বিহারের রেলসফরের ভিডিয়ো দেখে অবাক। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘দেখেই ভয় করছে।’’