Advertisement
E-Paper

মাঝরাস্তায় ধুন্ধুমার! চড়-ঘুষিতে জোড়া প্রতিপক্ষকে কাহিল করে নর্দমায় ফেললেন ‘গ্যাংস্টার’, দাঁড়িয়ে দেখল পুলিশ

স্থানীয়েরা দাঁড়িয়ে দুই তরুণের যুদ্ধ দেখে চললেন। কেউ থামানোর জন্য এগিয়ে এলেন না। তাঁরা ঝামেলায় কেন জড়ালেন তা-ও জানতে পারা গেল না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৬ ০৯:৩১
brawl

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তার মাঝে ধুন্ধুমার লড়াই। ঝগড়া হঠাৎই মোড় নিল মারামারির। তরুণকে মারতে মারতে নর্দমায় ফেলে দিলেন অপর তরুণ। স্থানীয়েরা দাঁড়িয়ে দুই তরুণের যুদ্ধ দেখে চললেন। কেউ থামানোর জন্য এগিয়ে এলেন না। তাঁরা ঝামেলায় কেন জড়ালেন তা-ও জানতে পারা গেল না। দুই তরুণের ঝামেলার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের ক্রসিং রিপাব্লিক থানার এলাকায়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সরু রাস্তা। ছুটে চলেছে একের পর এক গাড়ি। সেই রাস্তার মাঝেই ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন বেশ কিছু মানুষ। তাঁদের মধ্যে দুই তরুণের মধ্যে ঝামেলা লেগেছে। হঠাৎই সেই ঝামেলা মারামারিতে পরিণত হল। সাদা রঙের জামা পরা এক তরুণ ছুটে এসে নীল রঙের জামা পরে দাঁড়িয়ে থাকা এক তরুণকে চড় মারতে লাগলেন। একের পর এক চড় মেরে গেলেন তাঁকে। তার পর পিঠে ঘুষি মেরে চললেন। তাঁকে বাঁচাতে এগিয়ে এলেন সবুজ রঙের জামা পরা এক তরুণ। সাদা জামা পরা তরুণ তখন সবুজ জামা পরিহিত তরুণের দিকে এগিয়ে গেলেন। মারতে মারতে রাস্তার পাশে থাকা নর্দমায় ফেলে দিলেন তাঁকে। বন্ধুর করুণ অবস্থা দেখে বাঁচাতে এগিয়ে এলেন নীল জামার তরুণ। কিন্তু সাদা পোশাকের তরুণ তাঁকেও মেরে নর্দমায় ফেলে দিলেন। আশপাশে মানুষেরা দাঁড়িয়ে তরুণদের ঝামেলা দেখে চললেন। এক তরুণী সাদা জামার তরুণকে বার বার থামানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন। সাদা জামা তরুণের ভয়াল রূপ দেখে আর কেউ এগিয়ে যাওয়ার সুযোগ পেলেন না। এমন সময় ঘটনাস্থলে দেখতে পাওয়া গেল এক পুলিশকর্মীকে। তিনি পার্শ্ববর্তী সেতুর উপর দাঁড়িয়ে কী হচ্ছে বোঝার চেষ্টা করলেন। কিন্তু থামাতে গেলেন না। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘লোকেশআরলাইভ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৬৪ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। সাদা জামার তরুণকে সকলকে নৃশংস ভাবে মারছেন কেন সেই কারণ জানতে চেয়েছেন অধিকাংশ নেটাগরিক। পুলিশকর্মী কেন দাঁড়িয়ে দেখলেন, কোনও ব্যবস্থা নিলেন না তা ভেবেও হয়রান নেটপাড়া। বহু নেটাগরিক সাদা জামার তরুণকে ‘গ্যাংস্টারের’ তকমা দিয়েছেন।

Viral Video Uttar Pradesh Ghaziabad UP Police Brawl

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy